বাবুগঞ্জ দুর্গাসাগরে অষ্টমী স্নানোৎসব
- আপডেট সময় : ০২:৫১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ৩২ বার পড়া হয়েছে

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :
বরিশালের বাবুগঞ্জ উপজেলা মাধবপাশা দুর্গাসাগরে অনুষ্ঠিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমী স্নানোৎসব। এ উৎসবে দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার লোক জড়ো হয় এখানে। বৃহস্পতিবার ভোর থেকেই পুণ্যার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে মাধবপাশার দুর্গাসাগর পাড়ের এলাকা।
চৈত্র মাসের অষ্টমী তিথিতে এ দুর্গাসাগরে স্নান করে পাপ মোচনের আশায় প্রতি বছরই বিভিন্ন স্থান থেকে সনাতন ধর্মাবলম্বীরা এখানে আসেন। হিন্দু পুণ্যার্থীরা গঙ্গাদেবীর চরণে ফুল সমর্পণ করে পূজা, অর্চনা ও প্রার্থনাসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে পাপমুক্তির বাসনার স্নান সমাপ্ত করেন। অনেক মানত করে মনোবাসনা পূর্ণের জন্য। আগত ভক্তদের বিশ্বাস, এই জল স্পর্শমাত্রই সবার পাপমোচন হয়।
বরিশাল নগরীর কাটপট্টি এলাকার বাসিন্দা বিশ্বজিৎ দে বলেন, গত এক যুগ ধরে এই অষ্টমী তিথির দিনে পুণ্যলাভের আশায় স্নান করছি। ব্রক্ষ্মা দেব ও গঙ্গা দেবীর কৃপা লাভ করাই মূল উদ্দেশ্য।
পুরোহিত শিবু চ্যাটার্জী জানান, অষ্টমী স্নানের তিথি বুধবার রাত ১০টায় শুরু হয়েছে, যা বৃহস্পতিবার ১০টা ৪৭ মিনিটে শেষ হবে।
স্নানোৎসবকে কেন্দ্র করে দুর্গাসাগরের পাশের স্কুল মাঠেই ছিল গ্রামীণ শিল্প মেলার আয়োজন। মেলায় নাগরদোলা ও নৌকা দোলাসহ বিনোদনের জন্য নানা কিছু ছিল। পাশাপাশি বাহারি মিষ্টির পসরাসহ খেলনার দোকান দেখা গেছে মেলায়।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ওসি মিজানুর রহমান বলেন, দুর্গাসাগর ও এর আশপাশে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে অনুষ্ঠানজুড়ে।মেলা কমিটির সভাপতি বাবু দিলীপ রাজা বলেন প্রতি বছরের ন্যায় এবছর কোন অপরিতিকার ঘটনা ছাড়াই আনন্দ উৎসবটি পালিত হয়েছে।




















