চুয়াডাঙ্গায় দিনব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন
- আপডেট সময় : ০৫:৪৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের উদ্যোগে ২৬ শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা শহরকে আধুনিক ও স্বাস্থ্যসম্মত জনপদে গড়ে তোলার প্রত্যয়ে দিনব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু হয়েছে।
বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একযোগে এ পরিচ্ছন্ন কর্মসূচির উদ্বোধন করা হয়।
পৌরসভার সার্বিক সহযোগিতায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাবৃন্দদের নেতৃত্বে ১২ টি দলে বিভক্ত হয়ে শহরের বিভিন্ন স্থানে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচি পরিচালনা করা হয়।
এ কর্মসূচীতে অংশ গ্রহণ করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল, জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরীফ, সিভিল সার্জন ডা. হাদী জিয়াউদ্দিন আহমেদ প্রমুখ। জেলা শহরের গুরুত্বপূর্ণ মোড়, প্রধান সড়ক এবং ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে জমে থাকা ময়লা-আবর্জনা ও অবৈধ দখল উচ্ছেদে এ বিশেষ অভিযান চালানো হয়। মূলত ১২টি দলে ভাগ হয়ে চুয়াডাঙ্গার নানান শ্রেণি পেশার মানুষ ড্রেন পরিষ্কার ও রাস্তার পাশের বর্জ্য অপসারণ করেন। অভিযানে শুধু পরিষ্কার করাই নয়, বরং সাধারণ মানুষকে ডাস্টবিন ব্যবহারে উদ্বুদ্ধ করতে সচেতনতামূলক কার্যক্রমও চালানো হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৫ শে মার্চ গণহত্যা দিবস ও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চুয়াডাঙ্গাকে একটি মডেল শহর হিসেবে গড়ে তুলতেই এই ধারাবাহিক কর্মসূচি।

























