১৫ জানুয়ারী ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন, ২৫শে রজব, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে বিনম্র শ্রদ্ধা ও গভীর ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১৪ ই ডিসেম্বর বেলা ১১টায় শহরের পৌরসভা খেয়াঘাট বধ্যভূমি স্মৃতিস্তম্ভের সম্মুখে জেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মমিন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ হুমায়ুন কবির।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মন্টুসহ অনেকে।
বক্তারা শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং জাতির ইতিহাসে তাঁদের অবদান তুলে ধরেন। তাঁরা বলেন, শহিদ বুদ্ধিজীবীরা স্বাধীন বাংলাদেশের মেধা ও মননের ভিত্তি গড়ে দিয়ে গেছেন। তাঁদের আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।