আনার হত্যাকাণ্ডে আওয়ামী লীগ নেতা বাবু রিমান্ডে
- আপডেট সময় : ১১:৫০:৩২ পূর্বাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪ ১৭ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজিম আনারকে হত্যার উদ্দেশ্যে অপহরণের মামলায় গ্রেফতার আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ বাবুর ৭ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের আদালত শুনানি শেষে রোববার এ রিমান্ড মঞ্জুর করেন।
জানা গেছে, ঝিনাইদহ জেলা শহরের ভুটিয়ারগাতি গ্রামের মৃত রায়হান উদ্দিনের ছেলে বাবু। তিনি পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
ডিবি সূত্রে জানা গেছে, এমপি আনার হত্যাকাণ্ডে বাবুর সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে। এ ঘটনায় গ্রেফতার শিমুল ভূঁইয়া ওরফে আমানুল্লাহর দেওয়া তথ্যের ভিত্তিতেই বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগ নেতা বাবুকে আটক করা হয়।
এদিকে শিমুল ভূঁইয়া ও বাবুর দেওয়া তথ্য তথ্যপ্রযুক্তির মাধ্যমে যাচাই করা হচ্ছে বলেও জানিয়েছে ডিবি।
পুলিশের একটি সূত্র জানায়, বুধবার রাত সাড়ে ৮টার দিকে ঝিনাইদহ সদর থানায় হাজির হয়ে একটি জিডি করেন বাবু। ঐ জিডিতে ৩টি মোবাইল ফোন হারিয়ে গেছে বলে উল্লেখ করেন তিনি। এর একটি আইফোন, একটি ভিভো এবং একটি রেডমি মোবাইল ফোন। জিডি করার ২৪ ঘণ্টার মধ্যে ঝিনাইদহ শহরের আদর্শপাড়ার বাসা থেকে আটক করা হয় বাবুকে।
আটকের পর ডিবি জানায়, হত্যাকাণ্ডের পর শাহীনের সঙ্গে দফায় দফায় কথা হয়েছে বাবুর। হয়েছে এসএমএস লেনদেনও। একসঙ্গে বৈঠকেও বসেছেন তারা। উঠে এসেছে শাহীনের সঙ্গে বাবুর অর্থ লেনদেনের বিষয়ও। শিমুল ভূঁইয়া, বাবু এবং শাহীনের মধ্যে আত্মীয়তার সম্পর্ক রয়েছে।
এর আগে, গত ১২ মে এমপি আনার চিকিৎসার উদ্দেশে কলকাতায় যান। সেখানে বন্ধু গোপাল বিশ্বাসের বাসায় ওঠেন। পর দিন দুপুরে চিকিৎসার উদ্দেশ্যে যাচ্ছেন বলে ঐ বাসা থেকে বের হলেও তিনি যান কলকাতা নিউটাউনের একটি আলিশান ফ্ল্যাটে। সেদিন ঐ ফ্ল্যাটে হত্যার শিকার হন এমপি আনার।


























