ড. ইউনূসের বিরুদ্ধে শ্রম আদালতে আরও এক মামলা
- আপডেট সময় : ০২:৩২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩ ১১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক
শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে চলমান আলোচনার মধ্যেই শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ এনে রংপুর শ্রম আদালতে আরও একটি মামলা করা হয়েছে।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে গ্রামীণ কৃষি ফাউন্ডেশনের সিনিয়র খামার ব্যবস্থাপক (অবসরপ্রাপ্ত) মো. ফারুকুল ইসলাম বাদী হয়ে এ মামলাটি করেন। বাদীপক্ষের আইনজীবী শামিম আল মামুন বিষয়টি নিশ্চিত করেন।
মামলায় গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ ছয়জনকে আসামি করা হয়েছে।
বাদীপক্ষের আইনজীবী জানান, মজুরি, গ্রাচ্যুইটি ও অর্জিত ছুটির অর্থ বাবদ বাদীর পাওনা ৯ লাখ ৭৫ হাজার ১২৫ টাকা প্রদান না করা ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ এবং উক্ত পাওনা ও ক্ষতিপূরণের দাবিতে ড. মুহাম্মদ ইউনূসসহ গ্রামীণ কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে রংপুর শ্রম আদালতে মামলাটি করা হয়েছে।
উল্লিখিত টাকা পাওনা থাকলেও সেটা প্রদান না করেই বাদীকে বিভিন্ন সময় চাপ প্রয়োগ করে অবসর নিতে বাধ্য করেছেন ১নং বিবাদী ড. মুহাম্মদ ইউনূস এবং গ্রামীণ কৃষি ফাউন্ডেশন কর্তৃপক্ষ।
মামলার মাধ্যমে পাওনাসহ ক্ষতিপূরণ দাবি করেছেন বাদী ফারুকুল ইসলাম।
এর আগে, ২৮ আগস্ট সকালে ২০০৬ সালের আগে কাজ করা ১৮ শ্রমিক তাদের পাওনা মুনাফার দাবিতে ঢাকার শ্রম আদালতে মামলা করেন।
তারও আগে, শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালের ৯ সেপ্টেম্বর ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলা করে ঢাকার কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর। ঢাকার তৃতীয় শ্রম আদালতে এ মামলা করেছিলেন কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান।


























