তেঁতুলিয়ায় নিখোঁজের ৩ দিন পর কলেজ ছাত্রের মৃত দেহ উদ্ধার
- আপডেট সময় : ০৫:২৬:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩ ৫৩ বার পড়া হয়েছে
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ তেঁতুলিয়া উপজেলায় বুড়াবুড়ি ইউনিয়নের নিখোঁজ হওয়া কলেজ ছাত্র আরিফুল ইসলামের মরদেহ তিনদিন পর পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ।
নিহত আরিফুল বুড়াবুড়ি এলাকার জসিমউদ্দীনের ছেলে। সে পঞ্চগড় টেকনিক্যাল এন্ড বিএম কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ডিপ্লোমা ইন এগ্রিকালচার বিভাগের ছাত্র।
শুক্রবার দুপুরে নিজ বাড়ির পাশে পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধারের পর প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারেক হোসেন জানান, গত তিনদিন ধরে নিখোঁজ ছিলেন আরিফুল। পরে পরিবারের পক্ষ থেকে গত বৃহস্পতিবার তেঁতুলিয়া মডেল থানায় নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়েরি করেন। জিডির পরই পুলিশ শুক্রবার পুকুর থেকে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী বলেন, মরদেহটি সন্দেহজনক ভাবে উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে। আর পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।


























