বাবুগঞ্জে ভূমি ও গৃহহীন পরিবারকে ঘর প্রদান উপলক্ষে সংবাদ সম্মেলন
- আপডেট সময় : ০৫:৪২:৪৬ অপরাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩ ৭৪ বার পড়া হয়েছে

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ মুজিববর্ষে একজন মানুষও গৃহহীন থাকবে না- প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে ঘোষিত এই কর্মসূচিকে বাস্তবায়নের লক্ষ্যে সারাদেশের ন্যায় বরিশালের বাবুগঞ্জেও এ কার্যক্রম গৃহীত হয়। শুরু হয় গৃহ নির্মাণ উপযোগী খাস জমি চিহ্নিতকরণ, অবৈধ দখলদারদের দখল হতে খাস জমি উদ্ধার, প্রকৃত উপকারভোগী নির্বাচন, সঠিক মান ও ডিজাইন অনুসরণপূর্বক নির্দিষ্ট সময়ের মধ্যে গৃহ নির্মাণ সম্পন্নকরণ, ২ শতাংশ জমি বন্দোবস্ত, কবুলিয়ত ও রেজিস্ট্রেশন এবং জমিসহ সেমিপাকা গৃহ হস্তান্তর কার্যক্রম।
এ উপলক্ষে ২০ মার্চ সোমবার বিকাল ৪ টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নুসরাত ফাতিমা। এসময় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন,পরিসংখ্যান কর্মকর্তা আব্দুস ছালাম শিকদার প্রমূখ।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় বাবুগঞ্জ উপজেলা টাস্কফোর্স কমিটির সভা ও জেলা টাস্কফোর্স কমিটির সভার মাধ্যমে ১ম ২য় ৩য় পর্যায়ে এই পর্যন্ত মোট ২৭৮ টি পরবারকে “ক” শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবার হিসেবে চিহ্নিত করে গৃহ প্রদান করা হয়।
৪র্থ পর্যায়ে ১৯২ টি ঘরের নির্মাণ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এই ঘরসমূহের মধ্যে ১৩০ টি গৃহের নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে এবং অবশিষ্ট ৬২ টি গৃহের নির্মাণ কাজ চলমান রয়েছে।
আগামী ২২ মার্চ সারাদেশের ন্যায় “ক” শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে পবিত্র ঈদের উপহার হিসেবে বাবুগঞ্জে ১৩০ টি পরিবারের নিকট ঈদের উপহার হিসেবে গৃহ হস্তান্তর করবেন।
একই সাথে উপকারভোগী পরিবারের নিকট জমির কবুলিয়ত দলিল ও খতিয়ান প্রদান করা হবে।
আগামী ২২ মার্চ বুধবার স্থানীয়ভাবে বাবুগঞ্জ উপজেলা অডিটোরিয়াম এ অনুষ্ঠান শুরু হবে সকাল সাড়ে ৯টায়। ওই দিনই ১০ টায় প্রধানমন্ত্রী গণভবন প্রান্ত থেকে বিভিন্ন উপজেলায় যুক্ত হয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপকারভোগী পরিবারের মাঝে গৃহ হস্তান্তর করবেন।
বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নুসরাত ফাতিমা সাংবাদিকদের জানান, উক্ত অনুষ্ঠানে বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলাল, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এসএম খালেদ হোসেন স্বপন, সাধারণ সম্পাদক মৃধা মুঃ আক্তার উজ জামান মিলনসহ সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সরকারি কর্মকর্তাসহ উপকারভোগী উপস্থিত থাকবেন।


























