বিআরটি প্রকল্পের কাজ বন্ধের নির্দেশ
- আপডেট সময় : ০৭:১৫:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২ ৯৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক
নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের কাজ বন্ধের নির্দেশ দিয়েছেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। সকালে উত্তরায় ফ্লাইওভারের গার্ডার দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে এ নির্দেশ দেন তিনি।
মেয়র আতিকুল ইসলাম বলেন, বিআরটির এই প্রকল্পের কাজে নিরাপত্তার বিষয়টি একেবারেই মানা হয়নি। এ নিয়ে বারবার সতর্ক করা হলেও তারা গুরুত্ব দেয়নি। তাদের খামখেয়ালির কারণে পাঁচ জনের প্রাণ গেছে। রাজধানীতে চলমান অন্য প্রকল্পগুলোয় নিরাপত্তা বিষয়টি উপেক্ষিত হলে কাজ বন্ধ করে দেয়ারও হুঁশিয়ারি দেন মেয়র আতিকুল ইসলাম।
পরে বিআরটি প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক শফিকুল ইসলাম জানান, ডিএনসিসি মেয়রের নির্দেশনা মানা হবে। তিনি বলেন, দুর্ঘটনায় ঠিকাদার প্রতিষ্ঠানের গাফিলতি পাওয়া গেছে। এই গাফিলতির দায় বিআরটি এড়াতে পারে না। তদন্তে বিআরটি’র কেউ দোষী প্রমাণিত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান শফিকুল ইসলাম।
এদিকে, পাঁচ জনের নিহতের ঘটনায় তদন্ত প্রতিবেদন সকালে সচিবালয়ে জমা দিয়েছে বিআরটি। এছাড়া রাজধানীর উত্তরায় নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার দুর্ঘটনায় বিআরটির ঠিকাদারি প্রতিষ্ঠান ক্রেনচালকসহ অজ্ঞাত আরো কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছে নিহতের পরিবার। সকালে উত্তরা-পশ্চিম থানায় ক্রেন চালকসহ অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলাটি করা হয়।
সোমবার রাজধানীর উত্তরায় নির্মাণাধীন বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের এক্সপ্রেসওয়ের গার্ডার চাপায় প্রাইভেটকারে শিশুসহ পাঁচ জন নিহত হয়ে। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো দুইজন।
এ হতাহতের ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
















