বরিশালে বাসচাপায় ভ্যানচালক নিহত
- আপডেট সময় : ০৪:০৬:১৯ অপরাহ্ন, সোমবার, ১১ জুলাই ২০২২ ৮৯ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স
বরিশালের উজিরপুরে বাসচাপায় এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে হয়েছে। সোমবার বিকেল সোয়া ৪টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে নতুন শিকারপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. আলমগীর হাওলাদার বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া গ্রামের মৃত জব্বার হাওলাদারের ছেলে।
দুর্ঘটনার পর ঘাতক বাসটিকে (ময়মনসিংহ-ব-১১-০২০৪) আটক করে থানায় নিয়েছে হাইওয়ে থানা পুলিশ। তবে বাসের চালক ও হেলপার পলাতক রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ থেকে কুয়াকাটার উদ্দেশে শামিম পরিবহনের ছেড়ে আসা বাসটি ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে নতুন শিকারপুর নামক স্থানে পৌঁছালে অপরদিক থেকে আসা ব্যাটারিচালিত একটি ভ্যানের উপর উঠিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক আলমগীর হাওলাদার মারা যায়। তবে এ ঘটনায় বাসের কোনো যাত্রী আহত হয়নি।
প্রতক্ষ্যদর্শী নাজমুল হক জানান, শামিম পরিবহনটি ৫০-৬০ জন যাত্রী নিয়ে বেপরোয়াভাবে চালিয়ে আসছিল। এসময় বাসটি অপরদিকে থেকে আসা ভ্যানের উপর উঠিয়ে দিলে ভ্যানটি ধুমড়ে মুচড়ে বাসের নিচে চলে যায়। এতে ভ্যানচালক ঘটনাস্থলে মারা যায়।
এ ঘটনায় ঢাকা-বরিশাল মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এরপর উজিরপুর মডেল থানা পুলিশ, গৌরনদী হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. বেল্লাল জানান, নিহত ভ্যান চালকের লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাসটি আটক করে গৌরনদী হাইওয়ে থানায় নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় নিহতর পরিবারের কেউ মামলা দায়ের করেনি। মামলা দায়ের করলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। ঘটনার পর থেকে বাসের চালক ও হেলপার পলাতক থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি।























