ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে ৮০০ কেজি আম পাঠালেন শেখ হাসিনা
- আপডেট সময় : ১২:৩৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ২০ জুন ২০২২ ৮৯ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স
ভারতের ত্রিপুরা রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী মানিক সাহা ও রাজ্যের গণ্যমান্য ব্যক্তিদের জন্য উপহার হিসেবে আম্রপালিসহ বিভিন্ন জাতের ৮০০ কেজি আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (২০ জুন) দুপুর পৌনে ১টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ১৬০টি কার্টনে করে আমগুলো ত্রিপুরায় পাঠানো হয়।
আগরতলা স্থলবন্দরের শূন্যরেখায় প্রধানমন্ত্রীর উপহার আমগুলো গ্রহণ করেন ত্রিপুরা রাজ্যের আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ।
আমগুলো পাঠানোর ক্ষেত্রে আখাউড়া স্থলবন্দরের শোয়েব ট্রেড ইন্টারন্যাশনাল কাস্টমসসহ সব কার্যক্রম সম্পন্ন করে।
শোয়েব ট্রেড ইন্টারন্যাশনালের সত্ত্বাধিকারী রাজীব উদ্দিন ভূঁইয়া বলেন, ঢাকার একটি প্রতিষ্ঠানের মাধ্যমে আমগুলো পাঠানো হয়েছে। আখাউড়া স্থলবন্দরের আনুষঙ্গিক কাজগুলো তার প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পন্ন করে সহকারী হাইকমিশনারের কাছে আমগুলো হস্তান্তর করা হয়।
এর আগে রোববার রাতে আমগুলো আখাউড়া স্থলবন্দরে এসে পৌঁছায়।
এ ব্যাপারে আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ বলেন, প্রতিবছরই প্রধানমন্ত্রী এমন উপহার পাঠিয়ে থাকেন। দুই দেশের মধ্যে বন্ধুত্বের ও আত্মিক সম্পর্কের নিদর্শন এটি।























