পালিয়ে বিয়ে প্রেমিক যুগলের, ছেলের মাকে পিটিয়ে আহত করল মেয়ে পক্ষ
- আপডেট সময় : ০৯:৫৮:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২ ১২৫ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স ॥ মাদারীপুর সদর উপজেলায় প্রেম করে পালিয়ে বিয়ে করায় ছেলের মাকে পিটিয়ে গুরুতর আহত করেছে মেয়ের পরিবারের লোকজন। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার কালিকাপুর ইউনিয়নের দুধখালী গ্রামে এ ঘটনা ঘটে।
আহত নাহার বেগমকে (৪৫) প্রথমে মাদারীপুর সদর হাসপাতাল এবং পরে সেখান থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুধখালী গ্রামের চান্দু মোল্লার ছেলে মিজানের সঙ্গে একই এলাকার মোকলেস হাওলাদারের মেয়ে কেয়ার প্রেমের সম্পর্ক ছিল।
মাসখানেক আগে তারা পালিয়ে বিয়ে করেন। কিন্তু মেয়ের পরিবার এ বিয়ে মেনে নিতে রাজি নয়। রোববার মোকলেস হাওলাদার লোকজন নিয়ে ছেলের বাড়িতে গিয়ে তার মা নাহারকে পিটিয়ে আহত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
মাদারীপুর সদর থানার ওসি কামরুল হাসান মিয়া জানান, এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর তারা তদন্ত শুরু করেছেন। অপরাধীদের ধরতে চেষ্টা চালাচ্ছেন।

























