বিশ্ব মা দিবসে বরিশালের জেলা প্রশাসকের স্বপ্নজয়ী মাকে সম্মাননা
- আপডেট সময় : ০৬:৩০:০৫ অপরাহ্ন, রবিবার, ৮ মে ২০২২ ৮৩ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স ॥ বিশ্ব মা দিবস উপলক্ষে বরিশালের দুই স্বপ্নজয়ী মা কে সম্মাননা প্রদান করা হয়েছে। এরা হলেন বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের মা ফিরোজা হায়দার এবং জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপ-পরিচালক দিলারা খানমের মা হালিমা খাতুন । রোববার মা দিবসের দিনে বেলা ১২টার দিকে বরিশাল সার্কিট হাউজের সম্মেলন কক্ষে বিশ্ব মা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা এবং সম্মাননা অনুষ্ঠানে এই দুই স্বপ্নজয়ী মায়ের হাতে সম্মাননা তুলে দেন তাদের দুই সন্তান। মা দিবস উপলক্ষে আলোচনা সভা এবং সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে বরিশাল জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সোহেল মারুফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের পিতা প্রফেসর আলী হায়দার, জেলা তথ্য অফিসের পরিচালক জাকির হোসেন, বরিশাল সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সভাপতি অধ্যাপিকা শাহ্ সাজেদা, জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপ-পরিচালক দিলারা খানম এবং বেসরকারি উন্নয়ন সংগঠক রহিমা সুলতানা কাজল। অনুষ্ঠানের শুরুতে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার সকল মায়েদের প্রতি সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন। এছাড়া সম্মাননাপ্রাপ্ত দুই মা তাদের সন্তানদের সফলতার উচ্চ শিখরে পৌঁছে দেয়ার স্বপ্ন তুলে ধরেন বক্তৃতার মাধ্যমে। সংক্ষিপ্ত আলোচনা শেষে অতিথিবৃন্দ জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার তার স্বপ্নজয়ী মা ফিরোজা হায়দার কে ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাকে সম্মাননা স্মরক প্রদান করেন। একই সময় মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক দিলারা খানম তার স্বপ্নজয়ী মায়ের হাতে সম্মাননা স্মরক তুলে দেন।

























