ফখরুলকে গ্রেপ্তার ও বিএনপিকে নিষিদ্ধ করার দাবি মুক্তিযুদ্ধ মঞ্চের
- আপডেট সময় : ০২:৫৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১ ৬৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক
‘বীর মুক্তিযোদ্ধাদের অবমাননা ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির’ অভিযোগ এনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। একই সঙ্গে ২০১৪ ও ২০১৮ সালে হরতালের সময় সারাদেশে অগ্নিসংযোগের অভিযোগে বিএনপিকে নিষিদ্ধের দাবিও জানিয়েছে সংগঠনটি।
বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাশে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এসব দাবি জানান মঞ্চের নেতারা।
সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আল মামুনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন— মঞ্চের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন মজুমদার, বীর মুক্তিযোদ্ধা জহির উদ্দিন (বিচ্ছু জালাল), বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দীন চৌধুরী, মঞ্চের ঢাবি শাখার সভাপতি সনেট মাহমুদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মাহিম প্রমুখ।
রুহুল আমিন মজুমদার বলেন, বীর মুক্তিযোদ্ধাদের অবমাননা ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতিকারী সন্ত্রাসী দল বিএনপিকে দ্রুত নিষিদ্ধসহ ২০১৪ ও ২০১৮ সালের আগুন সন্ত্রাসীদের বিশেষ ট্রাইবুনালে বিচারের দাবি জানাচ্ছি। মির্জা ফখরুল সম্প্রতি তারেক ও খালেদাকে মুক্তিযোদ্ধা আখ্যা দিয়ে আমাদের চরমভাবে অপমান করেছে। অবিলম্বে ফখরুলকে গ্রেপ্তার করে শাস্তি দিতে হবে।
ফলো করুন-
জহির আহমেদ জালাল বলেন, বিএনপি নির্বাচনে পরাজিত হওয়ায় ২০১৪ ও ২০১৮ সালে আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছিল। বিএনপি এখন স্বাধীনতা বিরোধীদের দলে পরিণত হয়েছে, ফখরুলের বক্তব্যে তা প্রমাণিত হয়েছে। পাকিস্তানের আইএসআই গুপ্তচর জিয়া কখনোই বাংলাদেশের পক্ষে ছিলেন না। হাজার হাজার বীর মুক্তিযোদ্ধা হত্যাকারী খুনি জিয়ার তৈরি বিএনপি মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করার জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত। বাংলাদেশে বিএনপি রাজনীতি করার নৈতিক অধিকার হারিয়েছে।

























