এমন কোনো কথা বলিনি, যা ইসলামের বিপক্ষে যায় : তথ্য প্রতিমন্ত্রী
- আপডেট সময় : ০৩:২৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১ ৭৭ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, ‘বঙ্গবন্ধুর সংবিধানে হাত দিয়েছিল দুই জেনারেল জিয়াউর রহমান ও এরশাদ। জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহির রহমানির রাহিম লিখেছিলেন। ত্রিশ লাখ শহীদের রক্তে কেনা বাংলাদেশে জাতির জনকের লেখা সংবিধানে জিয়াউর রহমান হাত দিতে পারে না। তাই বিসমিল্লাহির রহমানির রাহিম সংবিধানে থাকতে পারে না।
আর দুর্নীতিবাজ, স্বৈরাচার এরশাদ যুক্ত করেছিল রাষ্ট্রধর্ম ইসলাম। রাষ্ট্রধর্ম বলতে কিছু নেই। বাংলাদেশ অসাম্প্রদায়িক রাষ্ট্র। ধর্ম যার যার তার তার।
এটা নিয়ে উগ্র হওয়ার, ধর্মান্ধ হওয়ার কিছু নেই। ’
শনিবার বিকালে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা পরিষদ চত্বরে উপজেলা পরিষদ আয়োজিত স্থানীয় ওলামায়েকেরাম ও ইমামদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মুরাদ হাসান আরও বলেন, ‘স্বাধীনতাবিরোধী, যারা ধর্মের নামে ব্যবসা করে, রাজনীতি করে তাদের গায়ে আমার কথা খুব লেগেছে। আমি এমন কোনো কথা বলিনি, যা আমার প্রিয় ধর্ম ইসলামের বিপক্ষে যায়।
আমি বলেছি ’৭২ এর সংবিধানে ফিরে যেতে হবে। ’
সরিষাবাড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসার সভাপতিত্বে মতবিনিময় সভায় তথ্য প্রতিমন্ত্রী ছাড়াও সরিষাবাড়ী উপজেলার ওলামায়েকেরাম ও বিভিন্ন মসজিদের ইমাম উপস্থিত ছিলেন।

























