স্ত্রীকে পিটিয়ে জোর করে গর্ভপাত করালেন স্বামী, গ্রেপ্তার ৫।
- আপডেট সময় : ১১:০১:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১ ৯২ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স
সাতক্ষীরায় স্ত্রীকে পিটিয়ে জোর করে গর্ভপাত করোনার অভিযোগে স্বামী-শ্বশুরসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) ভোরে জেলার বিভিন্নস্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- শহরের পলাশপোল এলাকার বাবর আলীর ছেলে গৃহবধূর স্বামী নাজমুল ইসলাম সজল (২৮), শ্বশুর বাবর আলী (৪৮), শাশুড়ি পারভীন সুলতানা (৩৯)। শহরের মুনজিতপুর এলাকার তৌহিদুজ্জামানের স্ত্রী সাতক্ষীরা মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সেবিকা শিরিন সুলতানা (৩৯), কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া গ্রামের কাজী আজিমুদ্দীনের স্ত্রী সেবিকা মমতাজ শাহানারা লিলি (৩৭)।
সাতক্ষীরা সদর থানায় করা মামলার এজাহার সূত্রে জানা যায়, ৫০ হাজার টাকা যৌতুকের দাবিতে স্বামীসহ পরিবারের সদস্যরা বিভিন্ন সময় ওই গৃহবধূর ওপর নির্যাতন চালিয়ে আসছিল। ওই যৌতুকের টাকা এনে না দেওয়ায় গত ১৪ আগস্ট সকালে তাকে মারধর করা হয়। ওইদিন বিকেলে গৃহবধূকে সদর থানার সামনে মাতৃসদনে নিয়ে জোরপূর্বক গর্ভপাত করান স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন।
পরে এ ঘটনায় গত ১ সেপ্টেম্বর জেলার সদর থানায় গৃহবধূ নিজে বাদী হয়ে অবৈধ গর্ভপাত ও যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করেন।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, যৌতুকের দাবিতে নির্যাতন ও জোর করে গর্ভপাতের ঘটনায় মাতৃসদনের দুই সেবিকাসহ গৃহবধূর স্বামী, শ্বশুর, শাশুড়িকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।


























