ইলিয়াস কাঞ্চন যে বিদেশিদের কাছে টাকা নিয়েছেন তার প্রমাণ আছে শাজাহান খান
- আপডেট সময় : ০৫:৩১:০২ অপরাহ্ন, শনিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২০ ১৩৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:: আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি শাজাহান খান এমপি বলেছেন, নিরাপদ সড়ক চাই আন্দোলনের নেতা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সম্পর্কে তিনি যা বলেছেন তার সবগুলোর প্রমাণ না থাকলেও অনেক প্রমাণ তার কাছে আছে। তিনি (ইলিয়াস কাঞ্চন) যে বিদেশিদের কাছে টাকা নিয়েছেন তার প্রমাণ আছে বলে দাবি করেন তিনি। শনিবার (২৯ ফেব্রুয়ারি) রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রংপুরের বিভাগীয় কমিটির উদ্যোগে আলোচনা অনুষ্ঠানে যোগ দিতে এসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে শাজাহান খান এসব কথা বলেন।
প্রসঙ্গত, সম্প্রতি ইলিয়াস কাঞ্চনের বিরুদ্ধে বিদেশ থেকে টাকা নেওয়ার অভিযোগ করেন শাজাহান খান। তিনি বলেন ‘ইলিয়াস কাঞ্চন কোথা থেকে কত টাকা পান, কী উদ্দেশে পান, সেখান থেকে কত টাকা নিজে নেন, পুত্রের নামে নেন, পুত্রবধূর নামে নেন সেই হিসেবটা আমি জনসম্মুখে তুলে ধরবো’ এরপরই তার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা করেন ইলিয়াস কাঞ্চন।
এ বিষয়ে শাজাহান খান শনিবার রংপুরে সাংবাদিকদের বলেন, তিনি যে বিদেশিদের কাছে টাকা নিয়েছেন তার প্রমাণ আমার কাছে আছে। তাই আমার বিরুদ্ধে করা মানহানি মামলা আইনগতভাবে মোকাবিলা করবো। তিনি আরও বলেন, ইলিয়াস কাঞ্চন ভালো ভালো কথা বলেন কিন্তু তার কথাগুলো একপাক্ষিক, শ্রমিকদের বিরুদ্ধে যায়। তিনি একবার বলেছেন সড়কে শৃংখলা ফেরাতে যাত্রী-চালক আর পথচারিদের ৫টি করে বেত্রাঘাত করতে হবে। সভ্য যুগে এ ধরনের বর্বর আইনের কথা তিনি কিভাবে বলেন?
শাজাহান খান বলেন, সড়ক পরিবহনে শৃংখলা ফিরিয়ে আনতে আমরা ১১টি সুপারিশ সরকারকে দিয়েছি তারাই বিষয়টি বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন। মতবিনিময়কালে জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহাম্মেদসহ পরিবহন শ্রমিকদের নেতারা উপস্থিত ছিলেন।


























