দেশে টিকাগ্রহীতার সংখ্যা পৌনে তিন কোটি ছাড়াল।
- আপডেট সময় : ০৮:৪২:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৫ সেপ্টেম্বর ২০২১ ১১৪ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স
করোনার প্রতিষেধক হিসেবে দেশে এখন পর্যন্ত টিকা গ্রহীতার সংখ্যা পৌনে তিন কোটি ছাড়িয়েছে। এদের মধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছেন এক কোটি ৯০ লাখ ৮১ হাজার ৭ জন। আর দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৮৫ লাখ ২৬ হাজার ৩০৯ জন।
শনিবার (৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে টিকাগ্রহীতার সংখ্যা তিন লাখ ৭১ হাজার ৭৬৮ জন। এদের মধ্যে প্রথম ডোজের টিকা নেন এক লাখ ৮৭ হাজার ১৫০ জন (পুরুষ এক লাখ ৭ হাজার ৪৩৩ জন ও নারী ৯৭ হাজার ৬৫৬ জন)।
এছাড়া দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন এক লাখ ৬৬ হাজার ৬৭৮ জন (পুরুষ ৯৫ হাজার ৭৬৭ জন ও নারী ৭০ হাজার ৯১১ জন)।
এদিকে, শনিবার বিকেল ৫টা পর্যন্ত টিকা নিবন্ধনকারীর সংখ্যা দাঁড়িয়েছে তিন কোটি ৭৬ লাখ ১৫ হাজার ১৫৮ জন। এদের মধ্যে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে তিন কোটি ৮৯ লাখ ১৯ হাজার ১৮৯ জন ও পাসপোর্টের মাধ্যমে পাঁচ লাখ ১০ হাজার ৭০৯ জন নিবন্ধন করেন।
করোনাভাইরাসের প্রতিষেধক হিসেবে দেশে চলতি বছরের গত ২৭ জানুয়ারি টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকাদানের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন। শুরুর দিকে শুধু অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া হলেও বর্তমানে সারাদেশে মডার্না, ফাইজার, সিনোফার্মসহ মোট চার ধরনের টিকা দেওয়া হচ্ছে।
এদিকে মহামারি করোনাভাইরাসে শুক্রবার (০৩ সেপ্টেম্বর ) সকাল ৮টা থেকে শনিবার (০৪ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে মারা গেছেন আরও ৬১ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৪৯৩ জনে।
আরও পড়ুন : করোনা পজিটিভকে চিকিৎসক ভাবলেন অন্তঃসত্ত্বা!
এছাড়া দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৭৪৩ জনের দেহে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ১২ হাজার ২৬ জনে।
শনিবার (০৪ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৪২১ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৪৬ হাজার ৩ জন। ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৭৫০ টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৯ দশমিক ৮২ শতাংশ।
এর আগে শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে মারা গেছেন আরও ৭০ জন। এছাড়া করোনা শনাক্ত হয়েছে আরও ৩ হাজার ১৬৭ জনের দেহে।
এদিকে ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সংক্রমণ কমলেও বেড়েছে মৃতের সংখ্যা। এ সময় মারা গেছেন আরও ১০ হাজার ৮০৬ জন এবং আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৮৬ হাজার ৩৮২ জন।
এর আগের দিন বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) মারা গেছেন আর ১০ হাজার ৬৩৩ জন এবং আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৭৭ হাজার ১৫০ জন। এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু ৪৫ লাখ ৬৭ হাজার ২৪৯ জন এবং আক্রান্ত হয়েছেন ২২ কোটি ৬ লাখ ৩৭ হাজার ২৮২ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ কোটি ৭১ লাখ ৩২ হাজার ৮০০ জন।
























