করোনা রোগীর খাবার নিয়ে অনিয়মের খবর প্রকাশ, সাংবাদিকদের বিরুদ্ধে মামলা।
- আপডেট সময় : ১২:৩০:১৬ অপরাহ্ন, রবিবার, ১১ জুলাই ২০২১ ৭৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক
ঠাকুরগাঁও সদর হাসপাতালে একজন করোনা রোগীর জন্য ৩০০ টাকা বরাদ্দ থাকলেও দেওয়া হয় ৭০ থেকে ৮০ টাকার খাবার। এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেন সংবাদকর্মীরা। তবে অনিয়মের বিরুদ্ধে তদন্ত না করেই উল্টো তড়িঘড়ি করে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করে হাসপাতাল কর্তৃপক্ষ।
শনিবার (১০ জুলাই) রাত ৮টার দিকে সদর থানা চত্বর থেকে তানুকে গ্রেপ্তার করে পুলিশ। পরে রাত ১টার দিকে শ্বাসকষ্ট শুরু হলে পুলিশি পাহারায় তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। স্বজনদের দাবি, সপ্তাহখানেক আগে করোনা মুক্ত হলেও বেশ অসুস্থ তিনি।
মামলা হওয়ায় আইনগতভাবেই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান পুলিশ সুপার মো. জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, আরও বিষয়গুলো নিয়ে আমরা দেখবো যে আসলে ইনি যে বিষয়গুলো নিয়ে সংবাদ করেছেন, সেগুলো সঠিক আছে কিনা।
এদিকে, অভিযোগের সত্যতা স্বীকার করে আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নাদিরুল আজিজ বলছেন, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতির অনুমতি নিয়েই মামলাটি করা হয়েছে। কিছুদিন হয়ত আমাদের মনিটরিংয়ে একটু সমস্যা ছিল। আমরা কি রোগী সামলাবো নাকি অক্সিজেন আনবো, নাকি চিকিৎসা দেবো, নাকি ডায়েট দেখবো!
তবে কোনো রকম তদন্ত ছাড়াই এ মামলা ও গ্রেপ্তারের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। তারা বলেন, আমরা কাজ করতে গিয়ে যদি এ ধরনের সমস্যার সম্মুখীন হই, তাহলে এজন্য আমরা কী করবো! আমরা কি তাহলে লেখা বন্ধ করে দেবো! একটা মানুষের বিরুদ্ধে অভিযোগ করলে তার তো একটা বক্তব্য শুনতে হবে। তাকে একটা আপিল করার সুযোগ দিতে হবে। তাকে তো ন্যূনতম সময়টা দিতে হবে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা করি।
গত শুক্রবার (৯ জুলাই) ডিজিটাল সিকিউরিটি আইনে, স্থানীয় ৩ সাংবাদিককে আসামি করে মামলা করে সদর হাসপাতাল কর্তৃপক্ষ।

























