কাজিরচরে কৃষকের খড়ের পালায় আগুন, কৃষি সরঞ্জাম ভাঙচুরের অভিযোগ
কাজিরচরে কৃষকের খড়ের পালায় আগুন, কৃষি সরঞ্জাম ভাঙচুরের অভিযোগ
- আপডেট সময় : ১১:১৭:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ৭২ বার পড়া হয়েছে

বরিশালের মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নের চর বাহাদুরপুর গ্রামে কৃষক মো. লিটন হাওলাদারের খড়ের পালায় আগুন দেওয়া এবং কৃষিকাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ভাঙচুরের অভিযোগ উঠেছে একই গ্রামের কুদ্দুস হাওলাদারের বিরুদ্ধে।
এ ঘটনায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বলে দাবি করেছেন ভুক্তভোগী কৃষক লিটন হাওলাদার। দীর্ঘদিন ধরে তাঁকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ তাঁর।
অভিযোগ সূত্রে জানা যায়, কাজিরচর ইউনিয়নের চর বাহাদুরপুর গ্রামের মৃত সালাম হাওলাদারের ছেলে মো. লিটন হাওলাদার একজন কৃষক। একই গ্রামের মৃত রশীদ মেম্বারের ছেলে কুদ্দুস হাওলাদারের সঙ্গে তাঁর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় গত ১০ নভেম্বর রাত আনুমানিক ৮টার দিকে লিটন হাওলাদারের খড়ের পালায় আগুন দেওয়া, কৃষিকাজে ব্যবহৃত সরঞ্জাম ভাঙচুর এবং গবাদিপশুকে আঘাত করার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগী কৃষক লিটন হাওলাদার বলেন, তিনি কৃষিকাজের ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করেন। তাঁর খড়ের পালায় আগুন দেওয়া এবং কৃষিকাজে ব্যবহৃত সরঞ্জাম নষ্ট করায় তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। সর্বশেষ ঘটনার রাতে তাঁর ব্যবহৃত মোটরের পাইপ টুকরো টুকরো করে নষ্ট করা হয় বলেও অভিযোগ করেন তিনি। এতে কৃষিকাজ পরিচালনা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন।
তিনি আরও বলেন, ঘটনার পর স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার জন্য সালিশ বৈঠকের আয়োজন করা হয়। কিন্তু সেখানে অভিযুক্ত কুদ্দুস হাওলাদার উপস্থিত ব্যক্তিদের সঙ্গে অপমানজনক আচরণ করেন এবং তাঁদের চলে যেতে বলেন। ফলে স্থানীয়ভাবে বিরোধ নিষ্পত্তির উদ্যোগ সফল হয়নি বলে দাবি করেন তিনি।
কৃষক লিটন হাওলাদারের অভিযোগ, একাধিকবার প্রতিকার চেয়েও এখন পর্যন্ত তিনি ন্যায়বিচার পাননি। একজন কৃষক হিসেবে কৃষিকাজের সরঞ্জাম ও উৎপাদনের জন্য সংরক্ষিত খড়ের ক্ষতি হওয়ায় তিনি চরম ভোগান্তিতে পড়েছেন।
এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন, দায়ীদের শনাক্ত এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী কৃষক।
তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত কুদ্দুস হাওলাদারের ভাষ্য, তিনি এঘটনার সাথে জড়িত নয়। হয়তো তাকে ফাঁসানোর জন্য অন্য কেহ এই ঘটনা ঘটিয়েছেন।




















