বরিশালে থানার সংখ্যা দ্বিগুণের পরিকল্পনা, হবে আরও ৪ থানা
বরিশালে থানার সংখ্যা দ্বিগুণের পরিকল্পনা, হবে আরও ৪ থানা
- আপডেট সময় : ০২:১৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ২৩ বার পড়া হয়েছে

বরিশাল মহানগরে থানার সংখ্যা চার থেকে বাড়িয়ে আটটি করার পরিকল্পনা নিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। নগরবাসীর দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়া এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণের লক্ষ্যে নতুন চারটি থানা স্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছেন বিএমপি কমিশনার মো. আবু রায়হান মুহাম্মদ সালেহ। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে নগরীর বান্দ রোডে বিএমপির নিজস্ব কার্যালয়ে সংস্থাটির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ পরিকল্পনার কথা জানান।
বিএমপি কমিশনার বলেন, ভবিষ্যতে বরিশাল মহানগরে আরও চারটি থানা স্থাপনের পরিকল্পনা রয়েছে। এটি বাস্তবায়িত হলে নগরীতে থানার সংখ্যা বেড়ে আটটি হবে। এর ফলে নগরবাসী আরও দ্রুত ও সহজে পুলিশি সেবা পাবেন বলে আশা করা হচ্ছে।
২০০৬ সালের ২৬ অক্টোবর যাত্রা শুরু করে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। বর্তমানে চারটি থানার মাধ্যমে মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে কাজ করছে সংস্থাটি। তবে নগরীর জনসংখ্যা, আয়তন, যানবাহন এবং অপরাধসংক্রান্ত দায়িত্ব বাড়তে থাকায় পুলিশের সেবার পরিধি সম্প্রসারণের প্রয়োজনীয়তাও বাড়ছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার দুপুরে বিএমপি কার্যালয় চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার খলিল আহমেদ। পরে একটি শোভাযাত্রা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার খলিল আহমেদ বলেন, পরিবর্তিত নগর বাস্তবতায় আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। এ ক্ষেত্রে পুলিশ প্রশাসনের পাশাপাশি নগরবাসীর সহযোগিতাও প্রয়োজন।
বিএমপি সূত্রে জানা গেছে, বর্তমানে সংস্থাটিতে প্রায় ১ হাজার ৮০০ সদস্য কর্মরত রয়েছেন। প্রতিষ্ঠার দুই দশক ধরে বরিশাল মহানগরের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছে পুলিশ।
প্রায় ৫৮ বর্গকিলোমিটার আয়তনের বরিশাল মহানগরে ক্রমবর্ধমান জনসংখ্যা ও নাগরিক চাহিদার সঙ্গে তাল মিলিয়ে পুলিশি সেবার পরিধি বাড়ানো এখন বড় চ্যালেঞ্জ। নতুন চারটি থানা স্থাপনের পরিকল্পনা বাস্তবায়িত হলে নগরীর বিভিন্ন এলাকায় পুলিশের উপস্থিতি ও সেবা কার্যক্রম সম্প্রসারণের সুযোগ তৈরি হবে। তবে নতুন থানাগুলোর অবস্থান, স্থাপনের সময়সীমা এবং প্রয়োজনীয় জনবল ও অবকাঠামো নিয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।’




















