সমাজে যা ইচ্ছা তা করে ক্ষমতায় টিকে থাকা যায় না: এমপি রফিকুল ইসলাম জামাল
সমাজে যা ইচ্ছা তা করে ক্ষমতায় টিকে থাকা যায় না: এমপি রফিকুল ইসলাম জামাল
- আপডেট সময় : ০১:১৩:১৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে

সমাজে যা ইচ্ছা তা করে রাষ্ট্রীয় ক্ষমতায় টিকে থাকা যায় না—এমন মন্তব্য করে ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম জামাল বলেছেন, “আর্মি, পুলিশ, বিজিবি ও র্যাব থাকার পরেও শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়েছিল।”
সোমবার (১৭ আগস্ট) দুপুরে ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কচুয়া বেতাগী ফেরিঘাট এলাকায় বিষখালী নদীর ওপর ব্রিজ নির্মাণের স্থান পরিদর্শন শেষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুবেল সমাজকল্যাণ ও ক্রীড়া সংঘের আয়োজনে কচুয়া ফেরিঘাট এলাকায় অনুষ্ঠিত ওই সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন।
বিষখালী নদীর ওপর ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে এমপি রফিকুল ইসলাম জামাল বলেন, “বিষখালী নদীর কচুয়া-বেতাগী ফেরি পয়েন্টে ব্রিজ নির্মাণ আমার শপথ। যেকোনো মূল্যে স্থানীয় জনগণের আকাঙ্ক্ষার এই ব্রিজ আমি নির্মাণ করব। উন্নয়নের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকলে সমাজ গড়া সম্ভব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি কল্যাণকর রাষ্ট্র গঠনে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, এই কাজে আমাদের সবাইকে তাঁকে সহযোগিতা করতে হবে।”
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাহরিয়ার শরীফ খান, কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু নাছের রায়হান, উপজেলা বিএনপির সভাপতি জালালুর রহমান আকন ও সাধারণ সম্পাদক আকতার হোসেন নিজামী প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে রুবেল সমাজকল্যাণ ও ক্রীড়া সংঘের সভাপতি মো. আতিকুর রহমান রুবেলসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।






















