ঝালকাঠিতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগ, ১৫ শিক্ষার্থীর অভিভাবকের অঙ্গীকারনামা
ঝালকাঠিতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগ, ১৫ শিক্ষার্থীর অভিভাবকের অঙ্গীকারনামা
- আপডেট সময় : ১১:৪৯:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ২৫ বার পড়া হয়েছে

ঝালকাঠির রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পক্ষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার অঙ্গীকার করে ১৫ শিক্ষার্থীর অভিভাবক বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে লিখিত অঙ্গীকারনামা দিয়েছেন।
রোববার (১৫ নভেম্বর) সকাল ১০টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে বলে অঙ্গীকারনামায় উল্লেখ করা হয়েছে।
অঙ্গীকারনামায় অভিভাবকরা উল্লেখ করেন, তাঁদের সন্তানরা ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়াবে না। এরপরও কোনো শিক্ষার্থী এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হলে বিদ্যালয় কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করলে তাঁরা তা মেনে নেবেন।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদ হোসেন জানান, বিষয়টি নিয়ে তাঁরা শিক্ষা বোর্ডের সঙ্গে যোগাযোগ করেছিলেন। প্রাথমিকভাবে অভিযুক্ত শিক্ষার্থীদের বিদ্যালয় থেকে ছাড়পত্র (টিসি) দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছিল। পরে শিক্ষার্থীদের অভিভাবকরা বিদ্যালয়ে আসেন। এ সময় বিএনপির নেতাকর্মী ও সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
প্রধান শিক্ষক আরও বলেন, শিক্ষার্থীদের কর্মকাণ্ডের পেছনে বাইরের কোনো ইন্ধন ছিল না। বিদ্যালয়ের কোনো শিক্ষক বা কর্মচারীও এতে জড়িত নন বলে তাঁর দাবি। ওই শিক্ষার্থীরা টেস্ট পরীক্ষায় অকৃতকার্য হয়েছিল। পড়াশোনা ও পরীক্ষায় পাসের বাধ্যবাধকতা নিয়ে তাদের মধ্যে অসন্তোষ ছিল। সে কারণেই তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়েছে বলে জানান তিনি।
তিনি আরও জানান, পরে উপস্থিত বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের অনুরোধে শিক্ষার্থীদের সাধারণ ক্ষমা করা হয়েছে।




















