কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি
কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি
- আপডেট সময় : ০৬:০৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬ ২৪ বার পড়া হয়েছে

ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে একটি অবৈধ ইটভাটার চিমনি ও চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে পৃথক স্থানে অভিযান চালিয়ে ২৫টি কয়লার চুল্লি ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে কাঠালিয়া সদরের বড় কাঠালিয়া এলাকায় অবস্থিত এমবিএফ মনিরা ব্রিকফিল্ডে অভিযান চালানো হয়। প্রয়োজনীয় বৈধ কাগজপত্র না থাকায় ইটভাটাটির ১২০ ফুট উচ্চতার চিমনি ও ইট তৈরির চুল্লি ভেঙে গুঁড়িয়ে দেন অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা।
পরে একই যৌথ অভিযানের অংশ হিসেবে উপজেলার ১ নং চেঁচরীরামপুর ইউনিয়নের বানাই গ্রামের বাকার খালের পাড়ঘেঁষে স্থাপিত ২৫টি কয়লার চুল্লি ধ্বংস করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন কাঠালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমি রানী বল, ঝালকাঠি পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আঞ্জুমান নেছা এবং পরিবেশ অধিদপ্তরের বরিশাল কার্যালয়ের সহকারী পরিচালক সোহেল মাহমুদ।
অভিযান সম্পর্কে পরিবেশ অধিদপ্তর ঝালকাঠির সহকারী পরিচালক আঞ্জুমান নেছা বলেন, আজ এমবিএফ মনিরা ব্রিকফিল্ডের অবৈধ ১২০ ফুট উচ্চতার চিমনি ধ্বংস করা হয়েছে। এ ধরনের চিমনি অবৈধ। পরবর্তী সময়ে ১২০ ফুট উচ্চতার যেসব ইটভাটার চিমনি রয়েছে, সেসব ভাটায়ও অভিযান পরিচালনা করা হবে।

















