মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু
মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু
- আপডেট সময় : ০২:২২:৩৪ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

মাদারীপুরের ডাসার উপজেলায় গ্যারেজে কাজ করার সময় কেমিক্যালযুক্ত ড্রাম বিস্ফোরণে পাশের দোকানে কর্মরত নিরব শরীফ (১৫) নামে এক শিশু শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে ডাসারের গোপালপুর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত নিরব শরীফ পশ্চিম বনগ্রামের বাসিন্দা হানিফ শরীফের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে গোপালপুর এলাকায় একটি গ্যারেজের মালিক সুমন বেপারী কাজ করছিলেন। এ সময় কেমিক্যালযুক্ত একটি ড্রাম গ্রান্ডিং মেশিন দিয়ে কাটতে গিয়ে হঠাৎ করেই বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যেই বিস্ফোরণে পাশের দোকানে কর্মরত শিশু শ্রমিক নিরব শরীফ গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা জানান, ড্রামটি কীভাবে বিস্ফোরিত হলো তা খতিয়ে দেখা হচ্ছে এবং ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।



















