ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৩:২৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে

ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা এবং বাল্যবিবাহ রোধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল সাড়ে ৩টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। ‘সোশ্যাল মোবিলাইজেশন ফর অ্যাকাউন্টেবল লোকাল গভর্ন্যান্স টুওয়ার্ডস ক্রিয়েটিং এসডিজি ইউনিয়ন’ প্রকল্পের আওতায় ‘পরিবর্তনের রাজনীতি: কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ দূরীকরণ’ শীর্ষক এ সভার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘দি হাঙ্গার প্রজেক্ট’।
ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি মো. আককাস সিকদার।
এছাড়াও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম হারুন অর রশিদসহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় বক্তব্য দেন। বক্তারা কন্যাশিশুর শিক্ষা নিশ্চিতকরণ, তাদের মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ জোরদার করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ বলেন, “কন্যাশিশুর নিরাপদ ও মর্যাদাপূর্ণ বেড়ে ওঠা নিশ্চিত করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সমাজের সর্বস্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে। বাল্যবিবাহ রোধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি কঠোরভাবে আইন প্রয়োগেও সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”























