দুই দফা দাবিতে ঝালকাঠিতে ডাক কর্মচারীদের মানববন্ধন
দুই দফা দাবিতে ঝালকাঠিতে ডাক কর্মচারীদের মানববন্ধন
- আপডেট সময় : ০৫:১২:১৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬ ২১ বার পড়া হয়েছে

:তিনগুণ বেতন-ভাতা বৃদ্ধিসহ দুই দফা দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ডাক বিভাগের কর্মচারীরা। বুধবার বেলা ১১টায় জেলা প্রধান ডাকঘরের সামনে বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে জেলার ১৬টি ডাকঘরের ১৬৯ জন নারী ও পুরুষ কর্মচারী অংশগ্রহণ করেন। এতে সভাপতিত্ব করেন জেলা ডাক কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন নিজাম, জেলা সভাপতি মানিক হাওলাদার এবং সাধারণ সম্পাদক আলমিন হাওলাদার।
বক্তারা অভিযোগ করে বলেন, বর্তমান বাজারদর ও জীবনযাত্রার ব্যয়ের তুলনায় তাদের বর্তমান বেতন-ভাতা অত্যন্ত নগণ্য। জীবনধারণের জন্য এটি যথেষ্ট নয়। তাই শ্রমের মূল্য বিবেচনায় তাদের বেতন-ভাতা তিনগুণ বৃদ্ধি করতে হবে। পাশাপাশি, তাদের দীর্ঘদিনের দাবি অনুযায়ী শাখা ডাকঘরের কর্মচারীদের বিভাগীয় কর্মচারী হিসেবে স্থায়ী স্বীকৃতি প্রদানের জোর দাবি জানান তারা।
দীর্ঘদিন ধরে এসব দাবি পূরণের আশ্বাস দেওয়া হলেও কার্যত কোনো পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা।
মানববন্ধন শেষে একটি মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি পেশ করা হয়। দ্রুততম সময়ের মধ্যে দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানিয়ে আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এ আন্দোলন অব্যাহত থাকবে এবং প্রয়োজনে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।





















