ঝালকাঠিতে স্বাবলম্বী হওয়ার পথে ৬ পরিবার: পেলেন ব্যাটারিচালিত রিকশা
- আপডেট সময় : ০২:৪০:১৮ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

দরিদ্র ও অসচ্ছল পরিবারের সদস্যদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে ঝালকাঠিতে হতদরিদ্র ৬টি পরিবারের মাঝে ব্যাটারিচালিত রিকশা বিতরণ করা হয়েছে। সমাজসেবা বিভাগের উদ্যোগে এবং ঝালকাঠি পৌরসভার ব্যবস্থাপনায় এই মানবিক কার্যক্রম বাস্তবায়িত হয়।
রোববার সকালে ঝালকাঠি পৌরসভা চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে রিকশার চাবি তুলে দেন পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. কাওছার হোসেন। ভিক্ষাবৃত্তিমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে মোট ৬টি পরিবারের প্রত্যেককে ৮৮ হাজার টাকা মূল্যের একটি করে নতুন ব্যাটারিচালিত রিকশা প্রদান করা হয়।
এই প্রকল্প বাস্তবায়নে মোট ৫ লাখ ৩০ হাজার টাকা ব্যয় করা হয়েছে।
হতদরিদ্র পরিবারগুলোকে পেশা পরিবর্তনের সুযোগ করে দেওয়া এবং বিকল্প উপায়ে আয়ের পথ তৈরির মাধ্যমে তাদের স্বাবলম্বী করা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজসেবা বিভাগের এ উদ্যোগের ফলে পরিবারগুলো নিয়মিত আয়ের একটি স্থায়ী উৎস খুঁজে পাবে। রিকশা পরিচালনার মাধ্যমে তারা নিজেদের জীবিকা নির্বাহের পাশাপাশি পরিবারের আর্থিক অবস্থার উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
উপকারভোগীরা সরকারের এই মানবিক উদ্যোগের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, এই সহায়তা তাদের আত্মনির্ভরশীল হওয়ার পথে বড় একটি ধাপ এবং এটি তাদের দৈনন্দিন জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. বশির গাজী, শহর সমাজসেবা কর্মকর্তা খান জসীম উদ্দিন, পৌর সচিব শাহীন সুলতানা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।





















