ঝালকাঠিতে মন্দির সংলগ্ন জমিতে ৪ তলা ভবন নির্মাণের নকশা বাতিলের সুপারিশ
- আপডেট সময় : ০৫:৫০:০৭ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬ ২১ বার পড়া হয়েছে

ঝালকাঠি পৌর এলাকায় অবস্থিত ‘শ্রী শ্রী রক্ত কমলেশ্বর ও অন্যান্য দেব দেবীর দেবোত্তর স্টেট’ (কালীবাদী মন্দির)-এর জমি ব্যবহার করে ৪ তলা ভবন নির্মাণের জন্য দাখিলকৃত একটি নকশা বাতিলের সুপারিশ করা হয়েছে। ১ জুলাই ২০২৬ তারিখে ঝালকাঠি পৌরসভা বরাবর দাখিলকৃত একটি তদন্ত প্রতিবেদনে এই সুপারিশ করা হয়।
তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, মৌজা ঝালকাঠি, বিএস খতিয়ান নং- ১৮, জেএল নং- ১৪১, দাগ নং- ১৪১০-এর ১৩.৬০ শতাংশ জমি সরকারি নথিতে ‘মন্দির’ হিসেবে রেকর্ডভুক্ত রয়েছে এবং এটি সার্বজনীন ব্যবহারের জন্য বরাদ্দকৃত। কিন্তু উক্ত দাগের জমিতে ৪ তলা ভবন নির্মাণের জন্য যে নকশাটি জমা দেওয়া হয়েছিল, তাতে মন্দির হিসেবে কোনো স্থাপনার স্থান রাখা হয়নি।
সার্বিক বিষয় বিবেচনা করে তদন্তকারী দল নকশাটি বাতিলের সুপারিশ করেছেন। প্রতিবেদনে আরও জানানো হয়েছে, ভবিষ্যতে জমির শ্রেণি পরিবর্তন অথবা নকশায় মন্দিরের স্থাপনা যুক্ত করার সাপেক্ষে বিষয়টি পুনরায় বিবেচনার সুযোগ থাকতে পারে।
তদন্ত প্রতিবেদনটিতে স্বাক্ষর করেছেন ঝালকাঠি পৌরসভার লিগ্যাল অ্যাডভাইজার মো. সাইফুদ্দিন হাওলাদার, এলজিইডি ঝালকাঠির সহকারী প্রকৌশলী ইকরাম হাসান সৈকত এবং ঝালকাঠি পৌরসভার সহকারী প্রকৌশলী (সিভিল) টি. এম. রেজাউল হক রিজভী।



















