বরিশালে মায়েদের সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করছে ‘Save the Mother
- আপডেট সময় : ০৬:৪১:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে

সাইফুল ইসলাম (বাবুগঞ্জ) বরিশাল প্রতিনিধি ঃ
মানবতার সেবাকে ব্রত হিসেবে গ্রহণ করে অসহায়, দুস্থ, নির্যাতিত ও সুবিধাবঞ্চিত মায়েদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সামাজিক ও মানবিক সংগঠন ‘Save the Mother’। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি সমাজের অবহেলিত, নির্যাতিত ও সুবিধাবঞ্চিত মায়েদের পাশে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের সহায়তা, সচেতনতামূলক কার্যক্রম এবং মানবিক সহযোগিতা প্রদান করে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।
২০০৭ সালে প্রতিষ্ঠিত এ সংগঠনের প্রতিষ্ঠাতা বরিশাল জেলা ছাত্রদলের সাবেক সভাপতি, সমাজসেবক ও বাবুগঞ্জ উপজেলার কৃতি সন্তান প্রকৌশলী মাহফুজুল আলম মিঠু। দীর্ঘদিন ধরে তিনি রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি অসহায়, দুস্থ ও নির্যাতিত মায়েদের সহায়তায় নিবেদিতভাবে কাজ করে আসছেন। তাঁর নেতৃত্বে ‘Save the Mother’ আজ শুধু একটি সংগঠনের নাম নয়, বরং অসংখ্য মায়ের আস্থা, নির্ভরতা ও মানবিক আশ্রয়ের প্রতীক হয়ে উঠেছে।
সংগঠনটির উদ্যোগে নিয়মিত খাদ্যসামগ্রী বিতরণ, চিকিৎসা সহায়তা, শীতবস্ত্র বিতরণ, অসহায় পরিবারের পাশে দাঁড়ানো, শিক্ষা সহায়তা এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। বিশেষ করে ঈদ, রমজান ও বিভিন্ন দুর্যোগকালীন সময়ে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ত্রাণ ও খাদ্যসামগ্রী বিতরণের মাধ্যমে সংগঠনটি মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
সম্প্রতি পবিত্র ঈদ-উল-আযহার তাৎপর্যকে ধারণ করে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে কোরবানির মাংস, চাল, তেল, সেমাই, আলুসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছে ‘Save the Mother’। বরিশালের বাবুগঞ্জে সংগঠনটির কার্যালয়ে আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক অসহায় ও নিম্নআয়ের পরিবারকে সহায়তা প্রদান করা হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা প্রকৌশলী মাহফুজুল আলম মিঠু বলেন, মায়ের সেবা মানেই মানবতার সেবা। সমাজের সবচেয়ে অবহেলিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই ‘Save the Mother’-এর যাত্রা শুরু। আমরা চাই কোনো মা যেন অসহায়ত্ব, নির্যাতন কিংবা অভাবের কারণে কষ্ট না পান।
উপকারভোগী পরিবারগুলোর সদস্যরা জানান, সংগঠনটির দেওয়া সহায়তা তাদের জীবনে স্বস্তি এনে দিয়েছে। তারা প্রতিষ্ঠাতা ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
সংশ্লিষ্টরা আশা করছেন, মহান আল্লাহর রহমতে ‘Save the Mother’-এর মানবিক কার্যক্রম আরও বিস্তৃত হবে এবং ভবিষ্যতে দেশের আরও বেশি অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মা এ সংগঠনের সেবার আওতায় আসবেন।

















