বাবুগঞ্জে বাইতুল আমান সোসাইটি পাঠাগারের উদ্বোধন
- আপডেট সময় : ০২:৪৪:০২ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :
বরিশালের বাবুগঞ্জ উপজেলার বাইতুল আমান জামে মসজিদ প্রাঙ্গণে “বাইতুল আমান সোসাইটি পাঠাগার”-এর উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৮ মে) আসরের নামাজ শেষে পাঠাগারটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাইতুল আমান জামে মসজিদের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট শিল্পপতি মো. আবুল কালাম আজাদ।
উদ্বোধনের আগে মসজিদে এক আলোচনা সভার আয়োজন করা হয়। মসজিদের খতিবের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাঠাগার ও মসজিদের প্রতিষ্ঠাতা মো. আবুল কালাম আজাদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পাঠাগার শুধু বইয়ের সংগ্রহশালা নয়, এটি জ্ঞানচর্চা, নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধ বিকাশের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। তাই মানুষকে জ্ঞান অর্জন ও বই পড়ার প্রতি উদ্বুদ্ধ করতেই এই পাঠাগার প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বর্তমান সময়ে তরুণ সমাজ মোবাইল ফোন ও প্রযুক্তির অপব্যবহারের কারণে বই পড়া থেকে অনেকটাই দূরে সরে যাচ্ছে। নতুন প্রজন্মকে সঠিক জ্ঞানচর্চা, নৈতিকতা ও ইসলামী আদর্শে গড়ে তুলতে পাঠাগার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এ পাঠাগারে ইসলামিক সাহিত্য, হাদিস, পবিত্র কোরআনের তাফসিরসহ জ্ঞানমূলক বিভিন্ন বই সংরক্ষণ করা হয়েছে, যাতে ধর্মীয় ও নৈতিক শিক্ষার পাশাপাশি সাধারণ জ্ঞান অর্জনের সুযোগ সৃষ্টি হয়।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক বিমান বাহিনীর কর্মকর্তা ও শিক্ষা অনুরাগী এস এম শফিউল্লাহ, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক শাহে আলম, বাবুগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়-এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইব্রাহিম খলিল, রহমতপুর স্টেশন জামে মসজিদের খতিব মাওলানা মো. রহমাতুল্লাহ, রহমতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. হাবিবুর রহমান, বাবুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টুলু, এয়ারপোর্ট প্রেস ক্লাবের সভাপতি আরিফ আহমেদ মুন্না, বাবুগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইফুল ইসলাম ও সাইফুর রহিমসহ বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সবশেষে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পাঠাগারের দ্বার উন্মুক্ত করা হয়। পাঠাগারটির যাত্রা শুরুর মাধ্যমে এলাকায় ধর্মীয় জ্ঞানচর্চা ও বইপাঠের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে বলে মনে করছেন স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানরা।




















