বিরামপুরে কিস্তির টাকা নিয়ে সংঘর্ষ: গৃহবধূকে কুপিয়ে জখম, শ্লীলতাহানির অভিযোগে উত্তেজনা
- আপডেট সময় : ০৫:৫৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে

শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়নের আটারোজানি গ্রামে কিস্তির টাকা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক গৃহবধূর ওপর নৃশংস হামলার অভিযোগ উঠেছে। আহত মোছাঃ জুলেখা বেগম (৪৫) এ ঘটনায় থানায় এজাহার দায়ের করেছেন।
এজাহার অনুযায়ী, গত ২৬ এপ্রিল সকালে বাড়ির উঠানে একা থাকা অবস্থায় অভিযুক্ত মরফুদুল হক তাকে গালিগালাজ করেন। প্রতিবাদ করলে তাকে মাটিতে ফেলে মারধর করা হয় এবং কাপড় টানাহেঁচড়া করে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ রয়েছে।
পরে মাজেদুল ইসলামের প্ররোচনায় ধারালো কাচি দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। তার হাত, মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে।
অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা ঘরে ঢুকে ৫০ হাজার টাকা নিয়ে যায় এবং প্রাণনাশের হুমকি দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, দ্রুত আসামিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্তাধীন।

























