শিরোপা জিততেই মাঠে নামবে বরিশাল
- আপডেট সময় : ০৪:০৬:০০ অপরাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০২৩ ৭৯ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স ॥ কাগজে-কলমে আর নামে-ভারে বিপিএলের এবারের আসরে শিরোপার অন্যতম সেরা দাবিদার ফরচুন বরিশাল। গত আসরে ফাইনালে পা ফসকালেও এবার শ্রেষ্ঠত্ব মুকুট নিতে মরিয়া দলটি। চ্যাম্পিয়ন হবার লক্ষ্যেই দেশি-বিদেশী তারকা সমৃদ্ধ দল গুছিয়েছে তারা। আছেন জাতীয় দলের একাধিক ক্রিকেটার। যা আশার পালে হাওয়া লাগিয়েছে দলটির অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের।
সোমবার (২ জানুয়ারি) বিপিএলের আনুষ্ঠানিক অনুশীলন করতে মিরপুরের অ্যাকাডেমি মাঠে আসে ফরচুন বরিশাল। যেখানে মিরাজ কথা বলেছেন নিজের দল ও নিজেকে নিয়ে। সেই সাথে মিরাজ বিশ্বাস করেন তার দলের হাতেই উঠবে শিরোপা।
তিনি বলেন, `আমাদের দলটা খুব ভালো হয়েছে। সাকিব ভাইসহ জাতীয় দলের অনেক খেলোয়াড় আছেন। এখন পর্যন্ত দু`বার ফাইনালে খেলেছি। একবারও চ্যাম্পিয়ন হবার স্বাদ নিতে পারিনি। আই হোপ এবার চ্যাম্পিয়ন হবো।`
এ সময় নিজের সম্পর্কেও কথা বলেন মিরাজ। উত্তর দেন `বরিশালে ওপেনিং করবেন` বলে উঠা গুঞ্জনের। মিরাজ বলেন, `অবশ্যই ম্যানেজমেন্ট এই সিদ্ধান্ত নেবে। আমি শুধু বলতে পারি, টিমে আমাকে যেখানেই খেলাবে.., আমি চাইবো যে ওপরে ব্যাটিং করার জন্য। দেখি শেষ পর্যন্ত কি হয়।`
এদিকে দল অনুশীলনে আসলেও অনুশীলনে আসেননি দলপতি সাকিব আল হাসান। জানা গেছে সম্প্রতি বাংলাদেশের সর্বকালের সেরা ক্রীড়াবিদের পুরস্কার জেতা সাকিব ছুটি নিয়েছেন দু`দিনের। এর আগে সকালে সাংবাদিকদের সাথে কথা বলেন ফ্রাঞ্চাইজি মালিক মিজানুর রহমান। যেখানে তিনি নিশ্চিত করেন, `ফিটনেস ভালো না থাকায় বিপিএলে আসছে না ক্রিস গেইলও।`
তবে গেইলকে ছাড়াও শক্তিশালী দলই গড়েছে ফরচুন বরিশাল। দলে আছেন সাকিব আল হাসান, রাহকিম কর্নওয়াল, ইফতেখার আহমেদ, রাহমানুল্লাহ গুরবাজ, করিম জানাত, ইবরাহীম জাদরান, নাভিন উল হক, কুশল পেরেরা, কেসরিক উইলিয়ামস, ইবাদত হোসেন, এনামুল হক বিজয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী মিরাজ, কামরুল ইসলাম রাব্বি, ফজলে রাব্বি, খালেদ আহমেদ, সাইফ হাসান, কাজি অনিক, সানজামুল ইসলাম, সালমান হোসেন, হায়দার আলি ও চতুরঙ্গা ডি সিলভা।

















