জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমসহ ৪ জনের বিরুদ্ধে মামলা।
- আপডেট সময় : ০৩:৪১:৪১ অপরাহ্ন, রবিবার, ১৮ জুলাই ২০২১ ১০৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক :: জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমসহ চারজনের বিরুদ্ধে কুমিল্লার আদালতে ৫০ কোটি টাকার মানহানি মামলা করা হয়েছে। রোববার (১৮ জুলাই) বিকেল ৩টায় কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ৬ নম্বর আমলি আদালতে বাদী হয়ে এ মামলা করেন অ্যাডভোকেট রফিকুল ইসলাম হোসাইনি।
মামলার অন্য বিবাদীরা হলেন- অভিনেতা জামিল হোসেন, ফারুক আহমেদ, আদিবাসী মিজান ও বৈশাখী টেলিভিশন কর্তৃপক্ষ।
‘হাই প্রেসার-২’ নাটকে আইনজীবীদের হেয়প্রতিপন্ন করে বাজেভাবে উপস্থাপন করায় এ মামলা করা হয়।
এ তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেছেন অ্যাডভোকেট রফিকুল ইসলাম হোসাইনি।
মামলাটি প্রসঙ্গে আইনজীবী রফিকুল ইসলাম জানান, বৈশাখী টিভিতে ‘হাই প্রেশার-২’ নামের একটি নাটক প্রচার হয়েছিল। সে নাটকে বিভিন্নভাবে আইন পেশাকে অসম্মান ও আইনজীবীদের মানহানি করা হয়েছে। এ জন্য মানহানি মামলা করা হয়েছে।
তিনি বলেন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক চন্দন কান্তি নাথ মামলাটি আমলে নিয়েছেন। আগামী ১৮ আগস্টের মধ্যে পিবিআইকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মামলার বিষয়ে জানতে মোশাররফ করিমকে পাওয়া যায়নি। অভিনেতা জামিল হোসাইন সময় নিউজকে বলেন, ‘আমি এখনো মামলার বিষয়ে কিছুই জানি না। আপনার কাছ থেকে শুনলাম। এ নাটকে তো অনেক আগে অভিনয় করেছিলাম। এতোদিন পরে রিঅ্যাকশন কেন?’
নির্মাতা আদিবাসি মিজান বলেন, ‘প্রায় তিন বছর আগে নাটকটি প্রচার হয়েছিল। আমরা তখনই নাটকের শুরুতে একটি দায় স্বীকার লিখেছিলাম। আমি লিখেছিলাম, এ নাটকের চরিত্রগুলো কাল্পনিক। তবুও যেহেতু মামলা হয়েছে কাগজপত্র হাতে পাওয়ার পর বিষয়টি নিয়ে কথা বলব।’

























