ভান্ডারিয়ায় ডিএমএফ দিয়ে চোখের চিকিৎসা, গ্রামীণ চক্ষু চিকিৎসা কেন্দ্রে ২৫ হাজার টাকা জরিমানা
ভান্ডারিয়ায় ডিএমএফ দিয়ে চোখের চিকিৎসা, গ্রামীণ চক্ষু চিকিৎসা কেন্দ্রে ২৫ হাজার টাকা জরিমানা
- আপডেট সময় : ১১:০৭:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ২৪ বার পড়া হয়েছে

চোখের মতো স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ অঙ্গের চিকিৎসাসেবা দিচ্ছেন একজন ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি (ডিএমএফ) ডিগ্রিধারী ব্যক্তি—এমন অভিযোগে পিরোজপুরের ভান্ডারিয়ায় গ্রামীণ চক্ষু চিকিৎসা কেন্দ্রে অভিযান চালিয়ে ২৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইনের আওতায় এ অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত।
প্রয়োজনীয় শর্ত পূরণ না করা পর্যন্ত প্রতিষ্ঠানটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ সময় প্রতিষ্ঠানটির ট্রেড লাইসেন্স জব্দ করা হয়।
আজ সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় পৌর শহরের রিজার্ভ পুকুরের উত্তর পাড়ে ফারিশতা প্লাজার নিচতলায় অবস্থিত প্রতিষ্ঠানটিতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হাসান।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পৌর শহরজুড়ে পরিচ্ছন্নতা অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় সোমবার বিকেলে রিজার্ভ পুকুরপাড়ের মানুষ চলাচলের জায়গায় খোলা অবস্থায় পড়ে থাকা ইনজেকশনের সিরিঞ্জের সূত্র ধরে সংলগ্ন ভবনে অবস্থিত চক্ষু চিকিৎসা কেন্দ্রটির বিষয়ে খোঁজ নেওয়া হয়।
পরে সেখানে গিয়ে দেখা যায়, কোনো চিকিৎসকের উপস্থিতি ছাড়াই এবং সংশ্লিষ্ট চিকিৎসকের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমেও যোগাযোগ না করে প্রতিষ্ঠানের সহকারী মো. নাঈমুর রহমান (২৬) রোগী দেখছেন ও ব্যবস্থাপত্র দিচ্ছেন।
এ সময় এক রোগীকে ভুল ব্যবস্থাপত্র দেওয়ার অভিযোগে মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০-এর ২২ ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি প্রয়োজনীয় শর্ত পূরণ না করা পর্যন্ত প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হাসান জানান, চিকিৎসাসেবার নামে অনিয়ম ও সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়, এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
চোখ মানুষের অত্যন্ত সংবেদনশীল অঙ্গ। এ অঙ্গের চিকিৎসায় প্রয়োজন যথাযথ প্রশিক্ষণ, দক্ষতা ও পেশাগত যোগ্যতা। অনভিজ্ঞ বা অননুমোদিত ব্যক্তির মাধ্যমে চোখের চিকিৎসা গ্রহণ করলে রোগীর দৃষ্টিশক্তির ক্ষতি হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে। তাই এ ধরনের প্রতিষ্ঠানে চিকিৎসাসেবার মান, প্রয়োজনীয় অনুমোদন এবং চিকিৎসকের যোগ্যতা যাচাই করা জরুরি।
স্বাস্থ্যসেবার নামে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আইন লঙ্ঘন করলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্ট সচেতন মহল।



















