ঝালকাঠিতে নৌযান শুমারি-২০২৬ উদ্বোধন উপলক্ষে র্যালি
ঝালকাঠিতে নৌযান শুমারি-২০২৬ উদ্বোধন উপলক্ষে র্যালি
- আপডেট সময় : ০২:২৭:১৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ ২০ বার পড়া হয়েছে

ঝালকাঠিতে নৌযান শুমারি-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।
এ সময় জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবীর, পরিসংখ্যান অধিদপ্তরের উপপরিচালক (ভারপ্রাপ্ত) খালেদ রাশেদুল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে নৌযান শুমারি-২০২৬ সম্পর্কে অবগত করার জন্য এই আয়োজন।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও নৌপরিবহন অধিদপ্তরের যৌথ উদ্যোগে প্রথমবারের মতো দেশব্যাপী এ শুমারি পরিচালিত হচ্ছে। এর আওতায় সমুদ্রগামী, উপকূলীয় ও অভ্যন্তরীণ জলসীমায় চলাচলকারী ইঞ্জিনচালিত নৌযানের সংখ্যা, ধরন ও কাঠামোগত বৈশিষ্ট্যের তথ্য সংগ্রহ করে একটি সমন্বিত ডাটাবেইজ তৈরি করা হবে।
জেলা পরিসংখ্যান কার্যালয় সূত্রে জানা গেছে, ২০ থেকে ২৯ আগস্ট পর্যন্ত নৌযান শুমারির মূল তথ্য সংগ্রহ কার্যক্রম চলবে। মাঠপর্যায়ে CAPI পদ্ধতিতে তথ্য সংগ্রহের পাশাপাশি জিপিএস লোকেশন ট্র্যাকিং ও রিয়েল-টাইম মনিটরিংয়ের মাধ্যমে কার্যক্রম তদারকি করা হবে।
শুমারির তথ্য নৌপরিবহন খাতের উন্নয়ন ও পরিকল্পনা প্রণয়ন, নৌযানের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দুর্ঘটনা কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।






















