কলাপাড়া উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন আলহাজ্ব জাহাঙ্গীর আলম তালুকদার
কলাপাড়া উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন আলহাজ্ব জাহাঙ্গীর আলম তালুকদার
- আপডেট সময় : ০২:২৫:১৩ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ ৪২ বার পড়া হয়েছে

চাকামইয়া ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান মরহুম মোঃ জিন্নাত আলী তালুকদারের সুযোগ্য সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কলাপাড়া উপজেলা শাখার সহ-সভাপতি ও সাবেক বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকারী আলহাজ্ব ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম তালুকদার আসন্ন কলাপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করে সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন।
আলহাজ্ব ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম তালুকদার দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তিনি কলাপাড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, যুগ্ম সম্পাদক ও প্রচার সম্পাদক এবং জাতীয়তাবাদী যুবদল কলাপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
দলীয় নেতাকর্মীদের মতে, দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি একনিষ্ঠভাবে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেছেন। রাজনৈতিক জীবনে দল পরিবর্তন না করে তিনি দীর্ঘদিন ধরে দলের আদর্শ ও কর্মসূচির সঙ্গে নিজেকে সম্পৃক্ত রেখেছেন।
ডাঃ জাহাঙ্গীর আলম তালুকদার কলাপাড়ার ঐতিহ্যবাহী তালুকদার পরিবারের সন্তান। স্থানীয়ভাবে দীর্ঘদিন ধরে জনসেবা ও নেতৃত্বের সঙ্গে এই পরিবারের সম্পৃক্ততা রয়েছে। তার পিতা চাকামইয়া ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান মরহুম মোঃ জিন্নাত আলী তালুকদার ছাড়াও এই পরিবারের মরহুম আঃ রশিদ তালুকদার এবং বীর মুক্তিযোদ্ধা মোঃ মোতালেব তালুকদার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তালুকদার পরিবারের এই দীর্ঘদিনের জনসেবা ও নেতৃত্বের ধারাবাহিকতায় এবার আলহাজ্ব ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম তালুকদার বৃহত্তর কলাপাড়া উপজেলা পর্যায়ে নেতৃত্ব দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।
প্রার্থী হওয়ার বিষয়ে আলহাজ্ব ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম তালুকদার বলেন, দীর্ঘদিন ধরে আমি মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আমার পরিবারও মানুষের সেবা ও কল্যাণে কাজ করে এসেছে। সুযোগ পেলে কলাপাড়া উপজেলার সাধারণ মানুষের কল্যাণে নিজেকে আরও বেশি সম্পৃক্ত করতে চাই। এজন্য আমি সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।
তিনি আরও বলেন, মানুষের প্রত্যাশা পূরণ, এলাকার উন্নয়ন এবং সাধারণ মানুষের পাশে থেকে কাজ করাই হবে তার মূল লক্ষ্য।






















