ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা
ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা
- আপডেট সময় : ০৫:২৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ১৯ বার পড়া হয়েছে

ঝালকাঠি সদর উপজেলায় ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত করার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। অভিযুক্ত গৃহবধূর দাবি, তাঁকে ধর্ষণের চেষ্টার হাত থেকে বাঁচতেই তিনি আত্মরক্ষার্থে এ পদক্ষেপ নিয়েছেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল আনুমানিক ১১টার দিকে সদর উপজেলার গাবারামচন্দ্রপুর ইউনিয়নের রমজানকাঠি এলাকায় এ ঘটনা ঘটে।
আহত মিঠু মল্লিক (৪০), মৃত মোশাররফ মল্লিকের ছেলে। তিনি বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার চাখার এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে ঝালকাঠিতে শ্বশুরবাড়িতে থেকে স্থানীয় একটি ফার্মেসি চালাতেন তিনি।
গৃহবধূ বলেন ঘটনার সময় গৃহবধূর স্বামী (স্থানীয় বিদ্যালয়ের শিক্ষক) ও ননদ দুজনেই নিজ নিজ কর্মস্থলে ছিলেন। এই সুযোগে মিঠু মল্লিক বাড়িতে প্রবেশ করে তাঁকে ধর্ষণের চেষ্টা চালান বলে অভিযোগ করেন গৃহবধূ। তাঁর আরও দাবি, দীর্ঘদিন ধরেই মিঠু তাঁকে উত্যক্ত করে আসছিলেন। উপায় না পেয়ে শেষ পর্যন্ত আত্মরক্ষার জন্যই তিনি ব্লেড দিয়ে আঘাত করেন।
ঘটনার পর আহত মিঠু মল্লিককে প্রথমে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। এ বিষয়ে তাঁর বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সাংবাদিক পরিচয় পাওয়ার পর কল কেটে দেওয়া হয়। পরবর্তীতে একাধিকবার ফোন করলেও তিনি বা তাঁর পরিবারের কেউ সাড়া দেননি।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ হাসান জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



















