ঝালকাঠিতে বিদ্যালয়ের সভাপতি নিয়োগে অনিয়ম ও লেনদেনের অভিযোগ, সংবাদ সম্মেলন
- আপডেট সময় : ০৬:১২:৩১ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; sv:16.1.6.1.W20; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 38;

ঝালকাঠির নলছিটি উপজেলার ‘রায়াপুর সৈয়দ আবদুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়’–এর অ্যাডহক কমিটির সভাপতি নিয়োগে ব্যাপক অনিয়ম ও আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে। প্যানেলে প্রথম অবস্থানে থাকা প্রার্থীকে বাদ দিয়ে স্থানীয় সংসদ সদস্যের সুপারিশে দ্বিতীয় প্রার্থীকে সভাপতি করায় ক্ষোভ প্রকাশ করে সংবাদ সম্মেলন করেছেন বঞ্চিত প্রার্থী মো. অহিদুজ্জামান (ওয়াহিদ)।
শনিবার (১১ জুলাই) দুপুরে ঝালকাঠি প্রেসক্লাবের কাজী খলিলুর রহমান মিলনায়তনে লিখিত বক্তব্যে তিনি এই অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে যা বললেন ভুক্তভোগী
লিখিত বক্তব্যে অহিদুজ্জামান জানান, গত ২১ মে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেছুর রহমানের সভাপতিত্বে স্থানীয় অভিভাবক, শিক্ষক প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তিন সদস্যের একটি প্যানেল গঠন করা হয়। রেজুলেশন অনুযায়ী তিনি (অহিদুজ্জামান) প্যানেলের প্রথম, মো. হাফিজুর রহমান পারভেজ দ্বিতীয় এবং জহিরুল ইসলাম খান বাপ্পি তৃতীয় অবস্থানে ছিলেন। এই তালিকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকের মাধ্যমে মাধ্যমিক শিক্ষা বোর্ডে পাঠানো হয়। কিন্তু কোনো নিয়ম না মেনে গত ৭ জুলাই বোর্ড দ্বিতীয় পছন্দের প্রার্থী হাফিজুর রহমান পারভেজকে সভাপতি হিসেবে মনোনয়ন দেয়।
অহিদুজ্জামানের দাবি, বিদ্যালয়ের মাঠে বালু ভরাট ও শিক্ষার্থীদের সহায়তায় তিনি ব্যক্তিগতভাবে কাজ করেছেন, যার স্বীকৃতিস্বরূপ স্থানীয়রা তাকে প্রথম পছন্দ হিসেবে মনোনীত করেছিলেন। কিন্তু অনৈতিক প্রভাব ও আর্থিক লেনদেনের মাধ্যমে তাকে বঞ্চিত করা হয়েছে।
প্রধান শিক্ষক ও মনোনীত সভাপতির বক্তব্য
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেছুর রহমান স্বীকার করেন যে, ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর সুপারিশেই মো. হাফিজুর রহমান পারভেজকে সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যদিকে, মনোনীত সভাপতি মো. হাফিজুর রহমান পারভেজ সব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘শিক্ষা বোর্ড যাচাই-বাছাই করে যাকে যোগ্য মনে করেছে, তাকেই মনোনীত করেছে।’ তিনি উল্টো অভিযোগ করে বলেন, অহিদুজ্জামান অতীতে জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
সংসদ সদস্যের প্রতিক্রিয়া
অভিযোগের বিষয়ে ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো বলেন, ‘আমি দুজনের নামই সুপারিশ করেছিলাম। এটি একটি অ্যাডহক কমিটি মাত্র। নিয়মিত কমিটি গঠনের প্রক্রিয়া চলছে, সেখানে অহিদুজ্জামানকে রাখা হবে।’ তিনি আরও দাবি করেন, স্থানীয়দের সিংহভাগই পারভেজ সাহেবের পক্ষে মত দিয়েছেন, তাই এ বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করার কোনো যৌক্তিকতা নেই।



















