বাবুগঞ্জে ‘৭ নং ওয়ার্ড একতা যুবসমাজ’-এর আত্মপ্রকাশ, সামাজিক উন্নয়নে নানা কর্মসূচির ঘোষণা
- আপডেট সময় : ০৫:৪৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ৫৯ বার পড়া হয়েছে

: বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সার্বিক উন্নয়ন, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ‘৭ নং ওয়ার্ড একতা যুবসমাজ’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে।
সংগঠনটির উদ্যোক্তা মো. আজিজুল হক বাবলু জানান, দীর্ঘদিন ধরেই এলাকাবাসীকে সঙ্গে নিয়ে একটি সামাজিক সংগঠন গঠনের পরিকল্পনা ছিল। সেই লক্ষ্যেই গত জুন মাসের শুরুতে সামাজিক যোগাযোগমাধ্যম মেসেঞ্জারে একটি গ্রুপ খোলার মাধ্যমে এলাকার তরুণ, প্রবীণ, বন্ধু ও প্রবাসীদের নিয়ে আলোচনা শুরু হয়। পরবর্তীতে সবার মতামতের ভিত্তিতে সংগঠনটির নাম রাখা হয় ‘৭ নং ওয়ার্ড একতা যুবসমাজ’।
তিনি জানান, প্রাথমিকভাবে সংগঠনটি এলাকার ছোটখাটো উন্নয়নমূলক কাজ ও বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করবে। পর্যায়ক্রমে রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন ও সংস্কারে সহযোগিতা, মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম, শিশু-কিশোরদের খেলাধুলার আয়োজন, স্কুল-কলেজের শিক্ষার্থীদের সহায়তা, নদীভাঙন রোধে জনসচেতনতা ও মানববন্ধন, বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো, পবিত্র রমজানে ইফতারসামগ্রী বিতরণ এবং ঈদ উপলক্ষে উপহার বিতরণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
আজ শুক্রবার বিকাল ৩ টায় কেদারপুর ইউনিয়নের জাম্বিলা খাতুন দাখিল মাদ্রাসা হলরুমে আনুষ্ঠানিক ভাবে এ সংগঠনের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন শেষে সংগঠনের কার্যক্রমের অংশ হিসেবে ৭নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এতে সংগঠনের সদস্যরা অংশ নেন এবং পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।
আজিজুল হক বাবলু সংগঠনের সফলতা কামনায় এলাকাবাসী ও প্রবাসীদের দোয়া এবং সার্বিক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি পরিচ্ছন্ন, সবুজ, সুন্দর ও সচেতন ৭ নম্বর ওয়ার্ড গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের আহবায়ক
মোহাম্মদ আজিজুল হক বাবলু, শিক্ষক মোঃ আরিফুর রহমান, স্থানীয় সমাজসেবক মোহাম্মদ মাসুদ মৃধা, মোঃ সাব্বির, মোহাম্মদ ফারদিন, মোহাম্মদ হালিম খান, মোঃ ইব্রাহিম সরদার, মোহাম্মদ ইব্রাহিম খান সহ এলাকার যুব সমাজের সকল সদস্যবৃন্দ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করছেন জাম্বিলা খাতুন দাখিল মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ আনিসুর রহমান।



















