রাজন শিকদারের ব্যক্তিগত অর্থায়নে খেয়াঘাটে যাত্রী ছাউনি নির্মাণ, স্বস্তি যাত্রীদের
- আপডেট সময় : ০৬:০৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬ ২৫ বার পড়া হয়েছে

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের রাজগুরু নতুন-চর খেয়াঘাটে যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে ব্যক্তিগত অর্থায়নে একটি যাত্রী ছাউনি নির্মাণ করেছেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও রহমতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাজন শিকদার।
মীরগঞ্জ লঞ্চঘাট থেকে রাজগুরু নতুন-চর খেয়াঘাট হয়ে প্রতিদিন অসংখ্য মানুষ নৌকা ও ট্রলারযোগে যাতায়াত করেন। বর্ষা মৌসুমে বৃষ্টি,ঝড় এবং তীব্র রোদে খেয়াঘাটে অপেক্ষমাণ যাত্রীদের দুর্ভোগ পোহাতে হতো। এ বিষয়টি বিবেচনায় নিয়ে রাজন শিকদার নিজস্ব অর্থায়নে যাত্রীদের জন্য একটি ছাউনি নির্মাণের উদ্যোগ নেন। গত ১৪ জুন নির্মাণকাজ সম্পন্ন হয়।
স্থানীয় যাত্রী মোহাম্মদ আলী বলেন, আগে বৃষ্টি বা ঝড়ের সময় ট্রলারের জন্য অপেক্ষা করতে গিয়ে অনেক কষ্ট হতো। এখন যাত্রী ছাউনি হওয়ায় আমরা স্বস্তিতে অপেক্ষা করতে পারব।
স্থানীয় বাসিন্দারা জানান, জনসাধারণের সুবিধার কথা চিন্তা করে নেওয়া এ উদ্যোগটি প্রশংসনীয়। তারা মনে করেন, ছাউনিটি খেয়াঘাট ব্যবহারকারী মানুষের দুর্ভোগ অনেকাংশে কমিয়ে দেবে।
এ বিষয়ে রাজন শিকদার বলেন, মানুষের কল্যাণে কাজ করাই আমার লক্ষ্য। এলাকার মানুষের প্রয়োজনের কথা বিবেচনা করেই ব্যক্তিগত অর্থায়নে এই যাত্রী ছাউনি নির্মাণ করেছি। ভবিষ্যতেও জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।



















