যুব সমাজকে মাদকমুক্ত রাখতে বাবুগঞ্জে হারুন মোল্লা ফাউন্ডেশনের মিনি ফুটবল টুর্নামেন্ট
- আপডেট সময় : ০৪:০৭:২২ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬ ৮ বার পড়া হয়েছে

বাবুগঞ্জ প্রতিনিধিঃ যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলা ও সুস্থ সাংস্কৃতিক চর্চার মাধ্যমে একটি সুন্দর সমাজ গঠনের প্রত্যয়ে বরিশালের বাবুগঞ্জ উপজেলায় হারুন মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
রোববার (৩১ মে) বিকেলে বাবুগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এ টুর্নামেন্টকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় বিভিন্ন এলাকার কিশোর ও যুবকদের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রতিযোগিতাটি শুরু থেকেই ব্যাপক সাড়া ফেলে। ফাইনাল খেলা দেখতে মাঠে ভিড় করেন শত শত ক্রীড়াপ্রেমী দর্শক। খেলার পুরো সময়জুড়ে দর্শকদের উচ্ছ্বাস, করতালি ও সমর্থনে মাঠ ছিল প্রাণবন্ত।
ফাইনাল খেলায় শক্তিশালী বন্ধু মহল একাদশকে টাইব্রেকার পরাজিত করে বন্ধু বন্ধু একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলার শুরু থেকে শেষ পর্যন্ত উভয় দলের খেলোয়াড়রা দারুণ নৈপুণ্য প্রদর্শন করেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচ উপভোগ করেন উপস্থিত দর্শকরা।
খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান। তিনি বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের অন্যতম মাধ্যম। বর্তমান সময়ে যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। বর্তমান সরকার কৃষক ও ফ্যামিলি কার্ডের পাশাপাশি খেলাধুলার জন্য ক্রীড়া কার্ডের ব্যবস্থা করেছে।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মিজানুর রহমান শামীমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম আজাদ,হারুন মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আসাদুল্লাহ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাবুগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যাপক শাহ আলম, বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টুলু, বিমানবন্দর প্রেসক্লাবের সভাপতি আরিফ আহমেদ মুন্না, রহমতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাজন শিকদার,বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতিক আল-আমিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আকিব ইমরান, বাবুগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি আছিফ শিকদার, সাধারণ সম্পাদক রবিউল ইসলামসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
হারুন মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আসাদুল্লাহ জানান, শুধুমাত্র বিনোদনের জন্য নয়, বরং যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই ছিল এই টুর্নামেন্ট আয়োজনের মূল লক্ষ্য। বর্তমানে প্রযুক্তিনির্ভর জীবনে অনেক তরুণ মাঠ ও খেলাধুলা থেকে দূরে সরে যাচ্ছে। তাদের মাঠমুখী করতে এবং সামাজিক বন্ধন দৃঢ় করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। হারুন মোল্লা ফাউন্ডেশন ভবিষ্যতেও শিক্ষা, ক্রীড়া, সামাজিক উন্নয়ন ও মানবকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি পরিচালনা করবে। যুবসমাজের উন্নয়ন ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে ক্রীড়া কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা হবে।
অনুষ্ঠানের শেষে চ্যাম্পিয়ন ও রানার-আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি, মেডেল ও পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় খেলোয়াড় ও দর্শকদের মাঝে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা এমন ব্যতিক্রমী ও জনকল্যাণমূলক আয়োজনের জন্য হারুন মোল্লা ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা নিয়মিত আয়োজনের আহ্বান জানান।




















