প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন
প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন
- আপডেট সময় : ০২:১৩:৩০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

দিনাজপুরের প্রান্তিক পর্যায়ের মানুষকে বিনা সুদে গরু দেওয়ার ব্যবস্থা করার চেষ্টা করছেন বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং নারী ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, মানুষকে গরু পালনে উৎসাহিত করা গেলে একদিকে পারিবারিক আয় বাড়বে, অন্যদিকে বৃদ্ধি পাবে দুধ উৎপাদন।
শনিবার (২৮ নভেম্বর) দুপুরে দিনাজপুরের ঘোড়াঘাটে মিল্ক ভিটার দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুপুর ২:৩০ মিনিটে পৌর শহরের মুন্সিপাড়া-সিপি রোড এলাকায় বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের (মিল্ক ভিটা) উদ্যোগে স্থাপিত কেন্দ্রটির উদ্বোধন করেন মন্ত্রী। এ সময় তাঁর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন।
দৈনিক ৪ হাজার লিটার দুধ শীতলীকরণ ও সংরক্ষণের সক্ষমতা সম্পন্ন এ কেন্দ্রটি ঘোড়াঘাট ও আশপাশের এলাকার দুগ্ধ খামারিদের জন্য নতুন সম্ভাবনা তৈরি করবে। এতদিন এ অঞ্চলে দুধ সংগ্রহ ও সংরক্ষণের এমন প্রাতিষ্ঠানিক ব্যবস্থা না থাকায় খামারিদের নানা সীমাবদ্ধতার মুখে পড়তে হতো। কেন্দ্রটি চালু হওয়ায় এখন তাঁরা ন্যায্যমূল্যে দুধ বিক্রির পাশাপাশি দুধ সংগ্রহ, সংরক্ষণ ও সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা পাবেন।
পৌর দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির সভাপতি এ কে এম জাকির হোসেন মণ্ডল কৌশিকের সভাপতিতে আলোচনা সভায়
বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক এ এইচ এম নুরুল আনোয়ার, মিল্ক ভিটার ব্যবস্থাপনা কমিটির সদস্য অধ্যাপক মো. নজরুল ইসলাম, মো. আরিফুজ্জামান ও এস এম আরিফুল ইসলাম, মিল্ক ভিটার মহা ব্যবস্থাপক (টেকনিক্যাল অ্যান্ড অপারেশন) মো. এনায়েত করিম চৌধুরী, উপমহা ব্যবস্থাপক (সমিতি) আমির কুমার মল্ল, ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ রুবানা তানজিন, উপজেলা সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) আব্দুল আল মামুন কাওসার শেখ, উপজেলা বিএনপির সভাপতি শাহ মো. শামীম হোসেন চৌধুরী, পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন ও সাধারণ সম্পাদক মো. মুক্তার হোসেন।



















