বিদ্যালয়ে ‘জয়বাংলা’ স্লোগান, রাজাপুরে ১৫ শিক্ষার্থীকে টিসি দেওয়ার সিদ্ধান্ত
বিদ্যালয়ে ‘জয়বাংলা’ স্লোগান, রাজাপুরে ১৫ শিক্ষার্থীকে টিসি দেওয়ার সিদ্ধান্ত
- আপডেট সময় : ০৬:০০:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ২৩ বার পড়া হয়েছে

বিদ্যালয় ক্যাম্পাসে ‘জয়বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে ঝালকাঠির রাজাপুরে ১৫ শিক্ষার্থীকে শনাক্ত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। অভিযুক্ত শিক্ষার্থীদের সবাইকে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রধান শিক্ষক। এসএসসি পরীক্ষার নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার মধ্যেই এমন সিদ্ধান্তের কথা সামনে এসেছে।
রোববার (১৫ নভেম্বর) সকালে উপজেলা সদরের রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বিদ্যালয়টির এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশের কথা ছিল ওই দিন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহিদুল ইসলাম জানান, ফলাফল প্রকাশের আগেই কয়েকজন শিক্ষার্থী নিজেদের ফলাফল জেনে যায়। ফলাফল আশানুরূপ না হওয়ায় তারা বিদ্যালয় ক্যাম্পাসে ‘জয়বাংলা’ স্লোগান দেয় বলে ধারণা করছেন তিনি।
প্রধান শিক্ষকের ভাষ্য, শিক্ষার্থীদের মধ্যে এমন একটি ধারণা তৈরি হয়েছে যে, আওয়ামী লীগ সরকারের আমলে পড়াশোনার চাপ তুলনামূলক কম ছিল এবং সহজেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যেত। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ভালো ফলাফল করতে নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, পড়াশোনা ও পরীক্ষায় অংশগ্রহণ জরুরি। এসব বিষয় নিয়ে অসন্তোষ থেকেই শিক্ষার্থীরা স্লোগান দিয়েছে বলে তাঁর ধারণা।
ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৫ শিক্ষার্থীকে শনাক্ত করা হয়েছে জানিয়ে প্রধান শিক্ষক বলেন, শনাক্তদের মধ্যে পাঁচ থেকে ছয়জন আওয়ামী লীগ পরিবারের সন্তান বলে জানা গেছে। বিদ্যালয় কর্তৃপক্ষের কার্যক্রম চলমান রয়েছে। শনাক্ত ১৫ শিক্ষার্থীর সবাইকে টিসি দেওয়া হবে।
তবে শিক্ষার্থীদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তাঁদের বক্তব্য, অভিভাবকদের প্রতিক্রিয়া কিংবা বিদ্যালয় পরিচালনা কমিটির আনুষ্ঠানিক সিদ্ধান্ত সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।





















