খাল পরিষ্কারে পানিতে নেমে প্রশংসায় ভান্ডারিয়ার ইউএনও
খাল পরিষ্কারে পানিতে নেমে প্রশংসায় ভান্ডারিয়ার ইউএনও
- আপডেট সময় : ০৬:৩০:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ২৭ বার পড়া হয়েছে

পিরোজপুরের ভান্ডারিয়ায় পৌর শহরের জলাবদ্ধতা নিরসন, খালের পানিপ্রবাহ স্বাভাবিক রাখা এবং পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতায় থাকা মুচির খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন। এ সময় নিজেই পানিতে নেমে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছেন ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মোঃ হাসিবুল হাসান।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় ভান্ডারিয়া বাসস্ট্যান্ডের কাজীবাড়ি-সংলগ্ন মুচির খালে এ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং বিডি ক্লিন ভান্ডারিয়া টিমের সহযোগিতায় পরিচালিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাসিবুল হাসান জানান, পৌর শহরের জলাবদ্ধতা নিরসন, খালের পানিপ্রবাহ স্বাভাবিক রাখা, মশার বংশবিস্তার রোধ এবং শহরের পরিবেশ ও সৌন্দর্য উন্নয়নের লক্ষ্যে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতায় থাকা মুচির খালটি পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। পরিকল্পিতভাবে খাল পরিষ্কার ও পানিপ্রবাহ সচল রাখা গেলে শহরের জলাবদ্ধতা সমস্যার সমাধানে ইতিবাচক পরিবর্তন আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উদ্বোধনকালে ইউএনও ও পৌর প্রশাসক মোঃ হাসিবুল হাসান বলেন, সামান্য বৃষ্টিতেই পৌর শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এর অন্যতম কারণ খালের পানিপ্রবাহ বাধাগ্রস্ত হওয়া এবং দীর্ঘদিন ধরে খাল পরিষ্কার না থাকা। এ সমস্যা সমাধানে খালের পানিপ্রবাহ স্বাভাবিক রাখা, অবৈধ দখলমুক্ত করে খাল পুনরুদ্ধার এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা জরুরি। মুচির খাল পরিষ্কারের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, মশার বংশবিস্তার রোধ ও শহরের সৌন্দর্য বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।
এ সময় তিনি নিজে পানিতে নেমে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে নিয়ে খাল পরিষ্কারের কাজ তদারকি করেন। তাঁর এমন উদ্যোগ ও সরাসরি অংশগ্রহণ উপস্থিত ব্যক্তিদের মধ্যে উৎসাহ সৃষ্টি করে। স্থানীয়দের মতে, প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিরা সরাসরি মাঠে নেমে কাজ করলে সাধারণ মানুষও পরিচ্ছন্নতা কার্যক্রমে আরও বেশি উদ্বুদ্ধ হবেন।
কর্মসূচিতে পৌর প্রশাসনের সঙ্গে বিডি ক্লিন ভান্ডারিয়া টিমের সদস্যরা খাল পরিষ্কারে সহযোগিতা করেন। পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতাকর্মী এবং ৬৯ নম্বর উত্তর ভান্ডারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন আকন, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম মোল্লা, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিরাজ হাওলাদার, ২ নম্বর ওয়ার্ড পৌর বিএনপির সভাপতি কাজী সফিকুল আলম সুমন, বিডি ক্লিন ভান্ডারিয়ার উপজেলা সমন্বয়ক মেহেদী হাসানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী, বিডি ক্লিনের সদস্য, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
পরিচ্ছন্নতা কার্যক্রমের আয়োজক ও অংশগ্রহণকারীরা মনে করেন, শুধু এক দিনের অভিযান নয়, বরং নিয়মিত খাল পরিষ্কার, বর্জ্য ফেলা বন্ধ, অবৈধ দখল প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে এ উদ্যোগকে স্থায়ী রূপ দিতে হবে। খালকে ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত না করে এর স্বাভাবিক পানিপ্রবাহ বজায় রাখতে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
ভান্ডারিয়া পৌর শহরকে পরিচ্ছন্ন, বাসযোগ্য ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তুলতে উপজেলা প্রশাসনের এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা। তাঁদের প্রত্যাশা, মুচির খাল পরিষ্কারের এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং পর্যায়ক্রমে শহরের অন্যান্য খাল ও জলাবদ্ধতাপ্রবণ এলাকাতেও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে।



















