ঘোড়াঘাটে মাদকবিরোধী উন্মুক্ত সভা, ৩০ সদস্যের কমিটি গঠন
ঘোড়াঘাটে মাদকবিরোধী উন্মুক্ত সভা, ৩০ সদস্যের কমিটি গঠন
- আপডেট সময় : ১২:৫১:০৩ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার দক্ষিণ দেবীপুর গ্রামে মাদকের বিস্তার রোধ এবং যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষার লক্ষ্যে মাদকবিরোধী উন্মুক্ত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় স্থানীয় মানুষের মতামত ও সম্মতির ভিত্তিতে মাদকবিরোধী কার্যক্রম জোরদারে ৩০ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) দিবাগত রাতে দক্ষিণ দেবীপুর বটতলা যুব সংগঠনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং সিংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা জাসাসের সাবেক আহ্বায়ক খন্দকার খন্দকার. রুহুল আমিন মিঠু, সাবেক ইউপি চেয়ারম্যান মো: আ: জব্বার মন্ডল, নারী ইউপি সদস্যা মুর্শিদা বেগম, সিংড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুস আলী, ব্যবসায়ী মেহেদুল মন্ডল বক্তব্য রাখেন।
সভায় কৃষক, শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে পরিবার, সমাজ ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান চৌধুরীকে সভাপতি এবং সিংড়া ইউনিয়ন বিএনপির ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক ও ঘোড়াঘাট রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মাহফুজার রহমান মাহফুজকে সাধারণ সম্পাদক করে ৩০ সদস্যবিশিষ্ট মাদকবিরোধী কমিটি গঠন করা হয়।
বক্তারা বলেন,মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষায় সামাজিক প্রতিরোধ গড়ে তোলার কোনো বিকল্প নেই। বক্তারা আরো বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবন ধ্বংস করে না; এর প্রভাব পড়ে পুরো পরিবার ও সমাজের ওপর। বিশেষ করে তরুণ ও যুবসমাজ মাদকের ঝুঁকিতে পড়লে শিক্ষা, কর্মসংস্থান, পারিবারিক স্থিতিশীলতা এবং সামাজিক নিরাপত্তা হুমকির মুখে পড়ে। মাদকাসক্তির কারণে পারিবারিক অশান্তি, আর্থিক সংকট ও অপরাধপ্রবণতা বাড়ার আশঙ্কাও থাকে।





















