নানা আয়োজনে ঝালকাঠিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
নানা আয়োজনে ঝালকাঠিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
- আপডেট সময় : ১১:৪৮:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ২৬ বার পড়া হয়েছে

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এ স্লোগানকে সামনে রেখে নানা আয়োজনে ঝালকাঠিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ঝালকাঠি সার্কেলের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় শহরে র্যালিটি বের করা হয়। র্যালিতে সরকারি কর্মকর্তা, পুলিশ সদস্য, পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
পরে জেলা প্রশাসন ও বিআরটিএর আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. বশির গাজীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রিফাত আহম্মেদ, সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মুজীবুর রহমান, জেলা বাস মালিক সমিতির সভাপতি আনিসুর রহমান তাপু এবং বিআরটিএ ঝালকাঠি সার্কেলের সহকারী পরিচালক মাহফুজ আহম্মেদসহ অন্যরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক আইন মেনে চলা, চালক ও পথচারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সড়কে শৃঙ্খলা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বেপরোয়া যানবাহন চলাচল রোধ, সড়ক ব্যবহারে দায়িত্বশীল আচরণ এবং আইন মেনে চলার মাধ্যমে দুর্ঘটনার ঝুঁকি কমানো সম্ভব।
বক্তারা আরও বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করা শুধু প্রশাসন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার দায়িত্ব নয়; এ ক্ষেত্রে চালক, যাত্রী, পথচারী ও পরিবহনসংশ্লিষ্ট সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সম্মিলিত প্রচেষ্টায় সড়ক দুর্ঘটনা কমিয়ে নিরাপদ সড়ক গড়ে তোলার আহ্বান জানান তাঁরা।





















