ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত
ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০১:৪৮:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ২৬ বার পড়া হয়েছে

ঝালকাঠি জেলার বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর উদ্যোগে এক আন্তরিক চা-আড্ডা ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২৪ জুলাই) বিকেলে শহরের একটি চাইনিজ রেস্তোরাঁয় আয়োজিত এ মিলনমেলায় জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন। অনুষ্ঠানটির আয়োজন করে ‘ফ্রি নিউজ গ্রুপ’ পরিচালনা পরিষদ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আক্কাস সিকদার, ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ স ম মাহমুদুর রহমান পারভেজ। এছাড়া ফ্রি নিউজ গ্রুপের আহ্বায়ক শফিউল আজম টুটুল ও সদস্য সচিব জহিরুল ইসলাম জলিলসহ জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, তথ্য আদান-প্রদান, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে পারস্পরিক সহযোগিতা এবং জেলার উন্নয়ন সম্ভাবনা, সামাজিক অসংগতি, দুর্নীতি, সমস্যা ও সাফল্যের চিত্র তুলে ধরতে ‘ফ্রি নিউজ গ্রুপ’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সঙ্গে কর্মরত সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পেশাগত বন্ধন আরও সুদৃঢ় হবে।
তারা আরও বলেন, দেশ ও মানুষের কল্যাণে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার মাধ্যমে ঝালকাঠিকে ইতিবাচকভাবে দেশব্যাপী তুলে ধরাই এই প্ল্যাটফর্মের অন্যতম প্রধান লক্ষ্য।
উল্লেখ্য, বর্তমানে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এ ঝালকাঠি জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ৪১ জন সাংবাদিক সদস্য হিসেবে যুক্ত রয়েছেন। আয়োজকদের মতে, এটি কেবল একটি সংবাদ বিনিময়ের প্ল্যাটফর্ম নয়, বরং সাংবাদিকদের মধ্যে ঐক্য, পেশাগত সহযোগিতা ও পারস্পরিক আস্থার একটি শক্তিশালী উদ্যোগ।



















