নলছিটিতে পণ্যবাহী ট্রলারডুবি: ব্যবসায়ীদের ১০-১৫ লাখ টাকার ক্ষতির আশঙ্কা
- আপডেট সময় : ০৬:৫৩:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬ ১০৬ বার পড়া হয়েছে

ঝালকাঠির নলছিটি উপজেলার তেঁতুলবাড়িয়া খালে নোঙর করা অবস্থায় একটি পণ্যবাহী ট্রলার ডুবে যাওয়ার ঘটনায় ১০ থেকে ১৫ লাখ টাকার মালামাল নষ্ট হয়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।
জানা যায়, সোমবার দুপুরে ট্রলারটি ঝালকাঠির বানিয়াপট্টি থেকে বিভিন্ন মুদি ও মনোহারি পণ্য নিয়ে রওনা দেয়। রাতে তেঁতুলবাড়িয়া খালে নোঙর করা অবস্থায় ট্রলারটি আকস্মিকভাবে ডুবে যায়।
ট্রলারটিতে হদুয়া বাজার, মোল্লারহাট বাজার ও বোত্রা বাজারসহ পাঁচটি বাজারের ব্যবসায়ীদের জন্য আনা মালামাল ছিল। বুধবার সকালে এসব পণ্য সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কাছে সরবরাহ করার কথা ছিল। ট্রলারডুবির ফলে চাল, ডাল, আটা, ময়দা, সুজি, ভোজ্যতেল ও লবণসহ বিপুল পরিমাণ নিত্যপ্রয়োজনীয় পণ্য পানিতে তলিয়ে নষ্ট হয়ে গেছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, বেশিরভাগ মালামাল বিক্রির অনুপযোগী হয়ে পড়েছে। তবে কিছু চাল ও ডাল মাছের ঘেরে ব্যবহারের জন্য কম দামে বিক্রি করার চেষ্টা করছেন তারা। বর্তমানে ট্রলারটি পানির নিচেই রয়েছে এবং স্থানীয়দের সহায়তায় ব্যবসায়ীরা সেটি উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এই ঘটনায় ব্যবসায়ীরা দিশেহারা হয়ে পড়েছেন। সরকারি সহায়তা এবং ক্ষয়ক্ষতির যথাযথ মূল্যায়নের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।




















