গলাচিপায় ১৫শ পিস ইয়াবাসহ নারীসহ আটক ৪
- আপডেট সময় : ০৮:০২:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬ ৩০ বার পড়া হয়েছে

মোঃ রফিকুল ইসলাম মৃধা , স্টাপ রিপোর্টার (আজকের ক্রাইম নিউজ)
গলাচিপায় ১৫শ পিস ইয়াবা ও বিক্রির নগদ ৭ হাজার ২৯০ টাকাসহ এক নারী ও তিন যুবককে আটক করেছে গলাচিপা থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের গুরিন্দা বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন— রোকেয়া বেগম (৪৭), মোঃ ইমন মিয়াজী (২৩), মোঃ রিয়াদ মাহমুদ ইভান (২৫) ও মোঃ শাকিল সরদার (১৯)।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গলাচিপা থানার একটি চৌকস দল মিজানুর রহমানের বাড়িতে অভিযান চালায়। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৫০০ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ৭ হাজার ২৯০ টাকা উদ্ধার করা হয়। পরে চারজনকে আটক করে গলাচিপা থানায় নিয়ে যাওয়া হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে গলাচিপাসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন।
পুলিশ আরও জানায়, প্রায় ৯ মাস আগে এই চক্রটি ১০ হাজার টাকা পুঁজি নিয়ে ইয়াবা ব্যবসা শুরু করে। প্রথমদিকে তারা ৫০ পিস ইয়াবা এনে বিক্রি করতেন। পরে ধাপে ধাপে ১০০ পিস, ২৫০ পিস ও ৩০০ পিস ইয়াবা বিক্রি করেন। সর্বশেষ ঢাকা’র যাত্রাবাড়ী এলাকা থেকে ১ হাজার ৫০০ পিস ইয়াবা এনে গলাচিপায় বিক্রির প্রস্তুতি নেন।
এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জিলন সিকদার জানান, সারা দেশে মাদক নির্মূলে বিশেষ অভিযান চলমান রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




















