ভোলায় পুলিশি হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ
- আপডেট সময় : ০৫:৪১:০৩ অপরাহ্ন, রবিবার, ৩১ জুলাই ২০২২ ১১৫ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স : ভোলায় মিছিলে পুলিশের হামলা ও গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম নিহত হওয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল হয়েছে।রোববার সন্ধ্যায় রাজধানীতে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল এ কর্মসূচি পালন করে।
বিক্ষোভ মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা এ ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের মিছিলটি মালিবাগ মোড় থেকে শুরু করে শান্তিনগর ইষ্টার্ন প্লাস মার্কেট গিয়ে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন- দক্ষিণ যুবদলের আহ্বায়ক গোলাম মাওলা শাহীন এবং সদস্য সচিব খন্দকার এনামুল হক, যুগ্ম-আহ্বায়ক আসিফুর রহমান বিপ্লব, এম এ গাফফার, রবিউল ইসলাম নয়নসহ দক্ষিণ যুবদলের সদস্য ও বিভিন্ন থানার নেতৃবৃন্দ। এছাড়া দুপুরে পুরোনো ঢাকার আদালত পাড়ায় আরেকটি মিছিল করে দক্ষিণ যুবদল।
রহিম হত্যার প্রতিবাদে যুবদল ঢাকা মহানগর উওর একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি সাইন্স ল্যাবরেটরির সামনে থেকে থেকে বের হয়ে গ্ৰীণলাইফ হাসপাতালের সামনে গিয়ে শেষ হয়।
এ সময় যুবদল উত্তরের আহ্বায়ক শফিকুল ইসলাম মিল্টন, সদস্য সচিব জগলুল পাশা পাপেলসহ বিভিন্ন থানার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে একটি মশাল মিছিল বের করা হয়।
সন্ধ্যায় কাকরাইল মোড় থেকে মিছিলটি শুরু হয়ে শান্তি নগর গিয়ে শেষ হয়। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।


























